বিয়ের গুঞ্জন ও নানা জল্পনার অবসান ঘটিয়ে আইনি বিয়ে করেছেন
ছবি সংগৃহীত: ফাইল ছবি
বিনোদন ডেস্ক : বিয়ের গুঞ্জন ও নানা জল্পনার অবসান ঘটিয়ে আইনি বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার কসবায় সিদ্ধার্থ দত্তর সঙ্গে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। দুই পরিবারের সদস্য ও টালিউডের ঘনিষ্ঠ কয়েকজন এ সময় উপস্থিত ছিলেন।
মিমির জীবনসঙ্গী সিদ্ধার্থ পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক দিন ধরেই অভিনেত্রীর বিয়ে নিয়ে আলোচনা চলছিল। অবশেষে আইনি বিয়ের মধ্য দিয়ে সেই জল্পনার অবসান হলো।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধার্থের পরিবারের সদস্য ত্রমিলা ভট্টাচার্য। তিনি ভারতীয় গণমাধ্যমকে জানান, মিমি এখন তাঁর সম্পর্কে জা। অর্থাৎ সিদ্ধার্থের বৌদি ত্রমিলা।
মিমির সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা জানিয়ে ত্রমিলা বলেন, ‘আমার নিজের দেওরের সঙ্গেই বিয়ে হচ্ছে মিমির। আমাদের পরিবারের সবাই জাহাজের পেশায় যুক্ত। আমার স্বামী জাহাজের ক্যাপ্টেন আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়র। ও আমাদের থেকে অনেকটাই ছোট। মিমির সঙ্গে ওকে খুব ভাল মানিয়েছে। মিমিকে অনেক কাছ থেকে চিনেছি। খুব ভাল মেয়ে। ও খুব ভাল কথাও বলতে জানে। ওদের পরিবারের সকলেই খুব ভাল।’
আইনি বিয়েতে অংশ নিলেও মূল অনুষ্ঠানে থাকতে পারবেন না ত্রমিলা। কারণ, পাহাড়ে অনুষ্ঠানের সময় তাঁর মেয়ের পরীক্ষা চলবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের মূল অনুষ্ঠান পাহাড়ে হচ্ছে। কিন্তু আমার মেয়ের পরীক্ষা চলবে সেই সময়ে, তাই যাওয়া হবে না। মিমি ও সিদ্ধার্থ দু’জনেই মিলে বিয়ের সব প্রস্তুতি নিয়েছেন। আইনি বিয়ের জন্য সিদ্ধার্থ পরেছেন সাদা রঙের পাজামা পাঞ্জাবি। অন্যদিকে মিমি সোনালি রঙের সাবেকি সাজে সেজেছেন।’
দীর্ঘদিন ধরে মিমির বিয়ে নিয়ে নানা কানাঘুষা চললেও অভিনেত্রী কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিষয়টি প্রথম আলোচনায় আসে একটি বিয়ের আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই আমন্ত্রণপত্রে বর-কনের ছবির পাশাপাশি ছিল মিমির তিন পোষ্যের ছবিও। কার্ডে পোষ্যদের উপস্থিতি অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে। এরপর থেকে বিয়ের প্রস্তুতি নিয়েও বিভিন্ন খবর সামনে আসতে থাকে।
আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পাহাড়ে বিয়ের আনুষ্ঠানিকতা চলার কথা রয়েছে। সূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর ডিনার, ৪ ডিসেম্বর মেহেদি ও সংগীত এবং ৫ ডিসেম্বর মূল বিয়ের আয়োজন করা হবে। মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মতো প্রচলিত রীতিতে বিয়ে সম্পন্ন হওয়ার কথা। বড় আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।