ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি দেশের খোলাবাজারেও বেড়েছে ডলারের দাম।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতি ডলারের বিনিময়মূল্য ১৩০ টাকা ছাড়িয়েছে। বর্তমানে খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে।
রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল থেকেই ১৩০ টাকা ৫০ পয়সার নিচে কোথাও নগদ ডলার পাওয়া যাচ্ছে না। গত মঙ্গলবার ডলারের দাম ছিল ১৩০ টাকার নিচে।
দুই সপ্তাহ আগেও খোলাবাজারে প্রতি ডলার ১২৮ টাকার আশপাশে কেনাবেচা হয়েছিল। খোলাবাজারের পাশাপাশি ব্যাংকেও বেড়েছে ডলারের দর। ব্যাংকগুলো এখন ১২৫ থেকে ১২৬ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্সের ডলার কিনছে। অন্যদিকে, আমদানির জন্য ডলার বিক্রি করছে সর্বোচ্চ ১২৫ টাকা ৩০ পয়সা দরে।
সংশ্লিষ্টরা জানান, জ্বালানি আমদানিতে খরচ অনেক বেড়েছে। বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয়ে কাঙ্ক্ষিত গতি না থাকায় বাজারে বৈদেশিক মুদ্রার সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বিদেশগামী যাত্রীদের যাতায়াত কমে যাওয়ায় নগদ ডলারের সরবরাহেও ঘাটতি দেখা দিয়েছে।
মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা জানান, ব্যাংকে গিয়ে আশানুরূপ নগদ ডলার না পাওয়ায় গ্রাহকরা খোলাবাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের দামের ওপর চাপ তৈরি হয়েছে।