ই-পেপার

সৌদি ভূখণ্ডে হুথিদের উপস্থিতির দাবি কার্লসনের

সৌদি আরবের একটি অংশ হুথি বিদ্রোহীদের দখলে রয়েছে বলে দাবি

আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭
২২ ভিউ
সৌদি ভূখণ্ডে হুথিদের উপস্থিতির দাবি কার্লসনের

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সৌদি আরবের একটি অংশ হুথি বিদ্রোহীদের দখলে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন পডকাস্টার টাকার কার্লসন। তাঁর অভিযোগ, যুদ্ধকালীন এই পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে কোনো খবর প্রকাশ করা হচ্ছে না। বুধবার (১৭ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সঙ্গে আলাপকালে কার্লসন বলেন, হুথিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য প্রকৃত হুমকি হয়ে উঠেছে। তাঁর ভাষ্য, সৌদি আরবের একটি অংশ বর্তমানে তাদের দখলে রয়েছে। বিষয়টি মার্কিন সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছে কি না, তা তিনি জানেন না। তবে একে বড় ঘটনা হিসেবে উল্লেখ করে সৌদি ভূখণ্ডে হুথি বাহিনীর উপস্থিতির বিষয়টিও নিশ্চিত করেন তিনি।

তবে সৌদি ভূখণ্ডে হুথিদের অবস্থানের দাবির পক্ষে কোনো তথ্যসূত্র দেননি কার্লসন। যদিও আরব উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। গত অক্টোবরে দ্য ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল, ভূমধ্যসাগরে একটি প্রমোদতরীতে কয়েকজন আরব উপসাগরীয় রাজপরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। সাম্প্রতিক সাক্ষাৎকারেও কার্লসন দাবি করেন, ‘এই সপ্তাহে’ উপসাগরীয় নেতাদের সঙ্গে তাঁর কথা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচক হলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বন্ধু মনে করেন কার্লসন। ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেও সম্প্রতি তাঁর সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে বলেও জানিয়েছেন এই পডকাস্টার।

হুথিদের সৌদি আরবে অভিযানের বিষয়ে এর আগেও প্রতিবেদন প্রকাশ করেছিল মিডল ইস্ট আই। গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে প্রকাশিত বিশেষ প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে সৌদি আরবে হামলা চালিয়েছিল গোষ্ঠীটি। তবে ওই সময়ও সৌদি ভূখণ্ডের কোনো অংশ তাদের দখলে ছিল কি না, তা নিশ্চিত করতে পারেনি সূত্রগুলো।

ইয়েমেন ও সৌদি আরবের মধ্যকার সীমান্ত দুর্গম পাহাড় এবং বিস্তীর্ণ মরুভূমিতে ঘেরা। সেখানে সাংবাদিকদের প্রবেশ কার্যত নিষিদ্ধ। আগের দফার যুদ্ধের পর সীমান্তবর্তী অনেক গ্রাম জনশূন্য হয়ে পড়েছিল। বর্তমানে ইয়েমেনের ভেতরেই সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথিদের সংঘাত সীমাবদ্ধ রয়েছে। গোষ্ঠীটি সরকারের অস্থায়ী রাজধানী বন্দরনগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে। তবে ১৯৩৪ সালের তাইফ চুক্তিতে ইয়েমেনের কাছ থেকে সৌদি আরবের অন্তর্ভুক্ত হওয়া দক্ষিণাঞ্চলের তিন প্রদেশ আসির, জাজান ও নাজরানের ওপর হুথিরা প্রকাশ্যেই দাবি জানিয়ে আসছে।

ইয়েমেনের সাদা প্রদেশে গড়ে ওঠা এই গোষ্ঠীর নামকরণ করা হয়েছে প্রতিষ্ঠাতা হুসেইন বদরুদ্দিন আল-হুথির নামে। শিয়া ইসলামের জায়েদি মতাবলম্বী সংগঠনটির জ্যেষ্ঠ নেতারা নিজেদের হাশেমি বংশধর বলে দাবি করেন। কার্লসনের ধারণা, ইরান ছাড়াও অন্য পক্ষগুলো হুথিদের সামরিক সহায়তা দিচ্ছে। তাঁর মতে, সৌদি আরবকে দুর্বল দেখতে চায় তেহরান।

পডকাস্টে কার্লসন প্রশ্ন তোলেন, হুথিদের নিয়ন্ত্রণ করছে কারা। তাঁর বক্তব্য, গোষ্ঠীটির ওপর ইরানের ব্যাপক প্রভাব রয়েছে, তবে এর পেছনে অন্য কোনো শক্তিও থাকতে পারে। যদিও তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। তবে গত অক্টোবরে ড্রপসাইট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত ইয়েমেনি গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তু চিহ্নিত করতে হুথিদের গোপনে সহায়তা করছিল।

সূত্র: মিডল ইস্ট আই