ই-পেপার

ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে চিঠি বলিউডের চলচ্চিত্রকর্মীদের

ভারতে নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা পাকিস্তানি ধারাবাহিক নিষিদ্ধের দাবি জানিয়েছে বলিউডের চলচ্চিত্রকর্মীদের একটি সংগঠন।

আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ২২:০৬
৭ ভিউ
ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে চিঠি বলিউডের চলচ্চিত্রকর্মীদের

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক

দেশটিতে পাকিস্তানি অনুষ্ঠান সম্প্রচার বন্ধে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে সর্বভারতীয় চলচ্চিত্রকর্মী সমিতি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেট লো’ নামের পাকিস্তানি ধারাবাহিকটি আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার ধারাবাহিক। এতে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান, সানাম সাঈদ ও মাহিরা খানসহ আরও অনেকে।

চিঠিতে সংগঠনটি বলেছে, ভারতীয় পর্দায় পাকিস্তানি কোনো মুখ, কণ্ঠ কিংবা গল্পের জায়গা থাকা উচিত নয়। দেশটিতে পাকিস্তানি অনুষ্ঠান সম্প্রচারের বিরুদ্ধে স্থায়ী আইন প্রণয়ন এবং কঠোর শাস্তির বিধান করারও দাবি জানিয়েছে তারা।

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর ভারতীয় কর্তৃপক্ষ সব সম্প্রচারমাধ্যমকে পাকিস্তানি অনুষ্ঠান দেখানো বন্ধের পরামর্শ দিয়েছিল। সংগঠনটির দাবি, নেটফ্লিক্সে এই ধারাবাহিক প্রচার করা হলে ওই নির্দেশনা লঙ্ঘিত হবে।