ই-পেপার

জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক আজ, সম্প্রচার করবে বিটিভি

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১৪:১০
৬ ভিউ
জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক আজ, সম্প্রচার করবে বিটিভি

ছবি সংগৃহীত: ফাইল ছবি


মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ যুক্তিতর্ক উপস্থাপন করবেন। বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

নিরাপত্তার কারণে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হবে জিয়াউল আহসানকে।

এর আগে, গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ৮ ফেব্রুয়ারি থেকে মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। পরে ২২ নভেম্বর আসামিপক্ষের একজন সাফাই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। এর মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মী, বিডিআর সদস্যসহ ভিন্নমতের মানুষকে গুম করা হয়। পরে গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি ও সুন্দরবনে জলদস্যু দমনের নামে কথিত অভিযান চালিয়ে তাঁদের হত্যার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে।সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় আজ থেকে মামলাটির যুক্তিতর্ক পর্ব শুরু হচ্ছে।