ই-পেপার

টিকটকের মাধ্যমে তিন মাসে ১৫ তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার

মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে চেন ইয়ং নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ২১:৫৫
৩ ভিউ
টিকটকের মাধ্যমে তিন মাসে ১৫ তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক


বাংলাদেশে ভ্রমণ ভিসায় এসে গত তিন মাসে তিনি এ ধরনের ১৫টি ঘটনায় জড়িয়েছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে ওই চীনা নাগরিককে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি আদালতে ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে বিভিন্ন এলাকার কমবয়সী মেয়েদের সঙ্গে পরিচিত হতেন চেন ইয়ং। পরে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন তিনি। টিকটকে কমবয়সী মেয়েদের আবেগকে কাজে লাগিয়ে ঢাকায় ডেকে আনতেন। এরপর ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে তাদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে অন্তত ১৫ নারীর সঙ্গে বিয়ের তথ্য পেয়েছে পুলিশ।

এদিকে, চেন ইয়ংকে গ্রেপ্তারের খবর পেয়ে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সাভারের এক নারীও তাকে নিজের স্বামী বলে দাবি করেন। এসব ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সোমবার রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। একপর্যায়ে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।

পরে ওই শিক্ষার্থীর বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ওই বাসায় অভিযান চালায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ। সেখান থেকে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরে তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থীর অভিযোগ, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

ওসি আরও জানান, বুধবার সন্ধ্যায় চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষাসহ ২২ ধারায় আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, ওই চীনা নাগরিক চীনে নিয়ে যাওয়ার কথা বলে দেশের বিভিন্ন এলাকার তরুণীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলতেন। পরে ভুয়া কাগজপত্র তৈরি করে তাদের বিয়ে করতেন। তবে ১৩ নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন চেন ইয়ং। তার গ্রেপ্তারের খবর প্রকাশের পর অনেক নারী থানায় যোগাযোগ করে নিজেদের প্রতারণার শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।