রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বাগিচারটেক এলাকার কাদিরের গ্যারেজে এ ঘটনা ঘটে।
দুপুর দেড়টার দিকে হামলার পর গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গুলিবিদ্ধ বাবু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন অটোরিকশাচালক মো. শরীফ (২৮) ও কাতারপ্রবাসী সানাউল্লাহ গনি বাবু (২৫)।
শরীফকে হাসপাতালে নিয়ে আসা সুমন জানান, দুপুর দেড়টার দিকে টোকাই সুজন গ্রুপের হাসনাইন, হাসিব, নূরুসহ ৩-৪ জন ওই গ্যারেজে গিয়ে হামলা চালান। এ সময় শরীফকে ছুরিকাঘাত এবং বাবুকে গুলি করে পালিয়ে যান তাঁরা। বাবুর বুকের বাম পাশে ও ডান পায়ে গুলি লেগেছে।
শরীফ কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুমপুকুর এলাকার বেলাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি ওই এলাকাতেই বসবাস করতেন।
অন্যদিকে, বাবুর খালাতো ভাই মনির হোসেন জানান, গুলিবিদ্ধ বাবু কাতারপ্রবাসী। দুই মাস আগে তিনি দেশে এসেছেন। সোমবার ওই রিকশার গ্যারেজে গেলে হামলার শিকার হন তিনি। বাবু বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাকাই বাজার এলাকার বারেক শেখের ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুলিবিদ্ধ বাবু চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।