ই-পেপার

যুক্তরাষ্ট্রে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০০:১৭
৮ ভিউ
যুক্তরাষ্ট্রে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way) নামে সড়কটির নামফলক উন্মোচন করেছে শিকাগো সিটি কর্তৃপক্ষ।

রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে নামফলকটি উন্মোচন করা হয়। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ সড়কটির নামকরণের আনুষ্ঠানিক অনুমোদন দেয়। বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

সড়কটি বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। ভবনটি আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা উইলিস টাওয়ারের পাশে সড়কটির অবস্থান হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ২০১৪ সালে শিকাগো শহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও একটি সড়কের নামকরণ করা হয়েছিল।

বেগম খালেদা জিয়ার নামে সড়কটির নামকরণের উদ্যোগ বাস্তবায়নে পেছন থেকে সহযোগিতা করেছেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান।

এ প্রকল্পের উদ্যোক্তা দলের সদস্য হিসেবে কাজ করেছেন শিকাগো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর সভাপতি শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভুইয়া এবং অফিস সম্পাদক শাকির ভুইয়া।

শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার তিনি দীর্ঘদিন ধরে লালন করে আসছেন, এই দুটি উদ্যোগ তারই প্রতিফলন।

তিনি আরও বলেন, শিকাগোর বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের কাছে সড়কটির নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে।

বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে বলেন, শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যারা ঐতিহাসিক এই নামকরণের আবেদন করেছেন, শাহ মোজাম্মেল নান্টুসহ তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এই উদ্যোগে সামান্য একজন অংশীদার হতে পেরে তাঁরা গর্বিত।

রাষ্ট্রদূত জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটির পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়।