ই-পেপার

ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৯ লাখ

থ্যাংকসগিভিং উৎসবের দিন যুক্তরাষ্ট্রজুড়ে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী

আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮
৪২ ভিউ
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৯ লাখ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : থ্যাংকসগিভিং উৎসবের দিন যুক্তরাষ্ট্রজুড়ে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়। ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির মধ্যাঞ্চল ও পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকা। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৯ লাখের বেশি গ্রাহক। বাতিল হয়েছে ৪০০টিরও বেশি ফ্লাইট, বিলম্বিত হয়েছে দুই হাজারের বেশি। বৈরী আবহাওয়ার কারণে ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পিছিয়ে দিতে হয়েছে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেড।

বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম বিবিসি ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে আঘাত হানে ঝড়টি। বছরের অন্যতম ব্যস্ত ছুটির দিনে দুর্যোগের কারণে সড়ক ও আকাশপথে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। উৎসবের প্রস্তুতির মধ্যেই বিদ্যুৎ সংযোগ হারায় ৯ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান।

বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজের তথ্য বলছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া। অন্যদিকে ফ্লাইটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বের শিকার হয়েছে দুই হাজারেরও বেশি ফ্লাইট, যার অধিকাংশই পূর্বাঞ্চলের।

দুর্যোগের কারণে নিউইয়র্কের ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেডের সূচিতেও পরিবর্তন আনতে হয়েছে। ম্যানহাটনের কেন্দ্রস্থলে প্রতিবছর বিশাল রঙিন বেলুন নিয়ে আয়োজিত এ অনুষ্ঠান দেখতে লাখ লাখ মানুষ সমবেত হন। তবে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আয়োজকেরা প্যারেডটি পিছিয়ে আগামী শনিবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টানা তিন বছর বাতিল হওয়া ছাড়া থ্যাংকসগিভিংয়ের বৃহস্পতিবারে এই আয়োজন বন্ধ রাখার আর কোনো নজির নেই। ১০০ বছরের ইতিহাসে এবারই প্রথম নির্ধারিত দিনে প্যারেডটি পিছিয়ে দেয়া হলো।

আয়োজকদের সিদ্ধান্তে ১৯৯৭ সালের একটি দুর্ঘটনার স্মৃতিও বিবেচনায় এসেছে। সে বছর ঝোড়ো বাতাসে ১৮ ফুট উঁচু ‘ক্যাট ইন দ্য হ্যাট’ চরিত্রের বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়কবাতির ওপর আছড়ে পড়ে। এতে একজন দর্শক জ্ঞান হারিয়েছিলেন।

ম্যাসিস প্যারেডের নির্বাহী প্রযোজক উইল কস সিদ্ধান্তটির বিষয়ে হতাশা প্রকাশ করলেও নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘প্যারেড পিছিয়ে দেয়ায় আমরা ভীষণ হতাশ। তবে আমাদের সহযোগী, অংশগ্রহণকারী এবং দর্শকদের নিরাপত্তা সব সময়ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

এদিকে পূর্ব উপকূলের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। ঝড়ের প্রভাব উপকূলীয় এলাকার বাইরেও ছড়িয়ে পড়েছে। অতিবৃষ্টি ও প্রবল বাতাসে মাটি নরম হয়ে যাওয়ায় অসংখ্য গাছ উপড়ে পড়েছে। এসব গাছ বিদ্যুতের তার ছিঁড়ে ফেলার পাশাপাশি বাড়িঘরের ওপরও পড়েছে।

ওয়াশিংটনের আশপাশের মেরিল্যান্ড এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি শোধন ও সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। এ পরিস্থিতিতে প্রায় ২০ লাখ গ্রাহককে কলের পানির ব্যবহার কমিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনে সড়কে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে বাসিন্দাদের। প্রবল বাতাসের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুও বন্ধ রাখা হয়েছে।

বৈরী আবহাওয়ার আশঙ্কায় গত বুধবার নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেন অঙ্গরাজ্যটির গভর্নর মিকি শেরিল। তিনি বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় ইলেকট্রনিক যন্ত্রপাতি চার্জ দিয়ে রাখা, বিদ্যুৎ বিভ্রাটের খবর সরাসরি সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানানো এবং ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন তিনি।

এমন পরিস্থিতিতেও উৎসবের আয়োজন থেমে থাকেনি। বিদ্যুৎ না থাকায় অনেকে বিকল্প উপায়ে থ্যাংকসগিভিং উদ্‌যাপন করেছেন। ঐতিহ্য অনুযায়ী, এদিন পরিবারের সদস্যরা একসঙ্গে ভোজে অংশ নেন, যার প্রধান আকর্ষণ টার্কি।

খ্যাতনামা শেফ হোসে আন্দ্রেসও বিদ্যুৎ ছাড়াই উৎসব আয়োজনের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তুলে ধরেছেন। প্রকাশিত ভিডিওতে মোমবাতির আলোয় সাজানো খাবার টেবিল ও গ্যাসের চুলায় রান্না করা গলদা চিংড়ি দেখা যায়। ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, ‘বিদ্যুৎ নেই? কোনো সমস্যা নেই।’

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের পাশাপাশি চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়াতেও বৈরী আবহাওয়া দেখা দিয়েছে। সেখানে বিশাল ঢেউ উপকূলে আছড়ে পড়েছে। কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ভারী বৃষ্টিতে ভিজেছে সান ফ্রান্সিসকোও।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাটে ৯ লাখের বেশি গ্রাহক দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কাজ চালিয়ে যাচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংযোগ পুনঃস্থাপনে সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কোম্পানিগুলো নিরলসভাবে কাজ করছে। রাজ্যটিতে ২ লাখ ৩০ হাজারের বেশি বাড়ি এখনো বিদ্যুৎবিহীন। পেনসিলভানিয়াই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য। দেশজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন বাড়ির সংখ্যা প্রায় ১০ লাখের কাছাকাছি পৌঁছেছে।

এ ছাড়া নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও মিসৌরিতেও এক লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। নিউ জার্সির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আটলান্টিক সিটি ইলেকট্রিক জানিয়েছে, কর্মীরা নিরাপদে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে পারার পরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে হালনাগাদ তথ্য দেয়া হবে। প্রবল বাতাস, বন্যা ও সড়ক বন্ধ থাকায় সংযোগ পুনরুদ্ধারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভার্জিনিয়ায় বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়েছেন ১ লাখ ৩৯ হাজারের বেশি গ্রাহক। সেখানকার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর আশঙ্কা, কিছু এলাকায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন লেগে যেতে পারে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া এবং তার ছিঁড়ে যাওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে পুনরুদ্ধারকাজে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে।