আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Sunday, May 10, 2026 10
অনলাইন ডেস্ক : ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’র সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে নির্দিষ্ট মডেলের আইফোন ব্যবহারকারীদের মোট ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৫৯ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে দায়ের করা এক মামলার নিষ্পত্তিতে এই অর্থ দিতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি। মামলায় অভিযোগ করা হয়, অ্যাপলের বিজ্ঞাপনে ‘সিরি’র এমন কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা দেখানো হয়েছিল, যেগুলোর বাস্তব অস্তিত্ব তখন ছিল না। এতে ভোক্তারা বিভ্রান্ত হয়ে আইফোন কিনতে উৎসাহিত হয়েছেন বলে দাবি করা হয়।
আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কয়েকটি মডেলের আইফোন কিনেছেন এমন ক্রেতারা এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন। এর মধ্যে রয়েছে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬, আইফোন ১৬ই, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।
মামলার তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৭০ লাখ ক্রেতা ক্ষতিপূরণের আওতায় আসতে পারেন। তবে অর্থ পেতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এ বিষয়ে ৪৫ দিনের মধ্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাপল।
গত বছরের সেপ্টেম্বর থেকে ‘মোর পারসোনাল সিরি’ শিরোনামে একটি বিজ্ঞাপন প্রচার শুরু করে অ্যাপল। সেখানে আইফোন ১৬ এর সঙ্গে সিরির এমন কিছু উন্নত এআই সুবিধা দেখানো হয়, যেগুলো তখনো চালু হয়নি। পরে প্রতিষ্ঠানটি স্বীকার করে, প্রতিশ্রুত প্রযুক্তির হালনাগাদ সংস্করণ প্রত্যাশিত সময়ের মধ্যে চালু করা সম্ভব হবে না।
