মার্কিন শেয়ারবাজার কাঁপাতে আসছে স্পেসএক্স-ওপেনএআই
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Sunday, May 17, 2026 8
অনলাইন ডেস্ক : মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে আসার প্রস্তুতি নিচ্ছে বলে জোর আলোচনা চলছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রোপিকের সম্ভাব্য আইপিও নিয়েও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের আইপিও বাজারে নতুন রেকর্ড তৈরি হতে পারে। আর সেই কারণেই আবারও আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রে কোনো কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পুরো প্রক্রিয়া।
কোনো বেসরকারি কোম্পানি প্রথমবারের মতো সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করলে তাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও। এই প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করে এবং শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয়। সাধারণত একটি আইপিও সম্পন্ন করতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। এতে ব্যয় হয় বিপুল অর্থও।
আইপিও প্রক্রিয়ার প্রথম ধাপ হলো শেয়ারবাজার নির্বাচন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রভাবশালী দুটি শেয়ারবাজার হলো নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং ন্যাসড্যাক। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ বিশ্বের অন্যতম পুরোনো ও ঐতিহ্যবাহী শেয়ারবাজার। অন্যদিকে ন্যাসড্যাক পুরোপুরি প্রযুক্তিনির্ভর ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়।
শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় প্রতিটি কোম্পানিকে একটি নির্দিষ্ট ‘টিকার’ বা সংক্ষিপ্ত কোড বেছে নিতে হয়। এই কোডের মাধ্যমেই শেয়ার শনাক্ত করা হয়। যেমন মাইক্রোসফটের টিকার ‘এমএসএফটি’। আবার কিছু প্রতিষ্ঠান নিজেদের ব্র্যান্ড পরিচয়ের সঙ্গে মিল রেখে ভিন্নধর্মী টিকারও ব্যবহার করে।
এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ধাপ। কোনো কোম্পানিকে যুক্তরাষ্ট্রের বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা এসইসির কাছে ‘এস-১’ নামে একটি বিস্তারিত নথি জমা দিতে হয়। এই নথিতে কোম্পানির আর্থিক অবস্থা, ব্যবসায়িক পরিকল্পনা, সম্ভাব্য ঝুঁকি এবং ভবিষ্যৎ কৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ থাকে। এর মূল উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের কাছে স্বচ্ছ তথ্য তুলে ধরা।
মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান চেজের ভাষ্য অনুযায়ী, এস-১ নথির মাধ্যমে একদিকে যেমন কোম্পানির সিকিউরিটিজ নিবন্ধন সম্পন্ন হয়, অন্যদিকে সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছেও প্রতিষ্ঠানের ব্যবসায়িক চিত্র পরিষ্কার করা হয়। নথি জমা দেওয়ার পর এসইসি সেটি পর্যালোচনা করে এবং প্রয়োজন হলে বিভিন্ন প্রশ্ন বা সংশোধনের অনুরোধ জানায়। এ কারণেই পুরো প্রক্রিয়াটি দীর্ঘ সময় নিতে পারে।
সম্প্রতি এসইসির চেয়ারম্যান পল অ্যাটকিনস জানিয়েছেন, আইপিও অনুমোদনের প্রক্রিয়া আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেসএক্স খুব শিগগিরই তাদের এস-১ নথি জমা দিতে পারে। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
কাগজপত্রের কাজ শুরু হওয়ার পর কোম্পানিগুলো সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ‘রোড শো’ পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন শহরে গিয়ে বা অনলাইনে বিনিয়োগকারীদের সামনে নিজেদের পরিকল্পনা ও সম্ভাবনা তুলে ধরেন। পেনশন ফান্ড, হেজ ফান্ড এবং ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছেও এই উপস্থাপনা করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির তথ্যমতে, স্পেসএক্স আগামী জুনে প্রায় দেড় হাজার সম্ভাব্য বিনিয়োগকারীর জন্য বিশেষ উপস্থাপনার আয়োজন করতে পারে। তবে সব কোম্পানির জন্য আইপিও যাত্রা সহজ হয় না। বাজারের অস্থিরতা বা বিনিয়োগকারীদের কম আগ্রহের কারণে অনেক প্রতিষ্ঠান শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিলও করে।
আইপিওর সবচেয়ে জটিল ধাপগুলোর একটি হলো শেয়ারের মূল্য নির্ধারণ। কোম্পানির কত শতাংশ মালিকানা কত দামে বিক্রি হবে, সেটিই এখানে ঠিক করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু হিসাব-নিকাশের বিষয় নয়; এর সঙ্গে বাজার পরিস্থিতি, বিনিয়োগকারীদের আগ্রহ এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ও জড়িত থাকে।
আইপিও গবেষণা প্রতিষ্ঠান রেনেসাঁ ক্যাপিটালের বিশ্লেষক ম্যাথিউ কেনির মতে, শেয়ারের দাম খুব বেশি নির্ধারণ করা হলে বাজারে তালিকাভুক্তির পর চাহিদা কমে যেতে পারে। আবার খুব কম দাম নির্ধারণ করলে কোম্পানি সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হতে পারে। তাই আইপিওর মূল্য নির্ধারণে ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিগুলোর দ্রুত উত্থানের কারণে আগামী বছর যুক্তরাষ্ট্রের আইপিও বাজারে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকেরা। বিশেষ করে স্পেসএক্সের মতো উচ্চমূল্যের প্রতিষ্ঠানের সম্ভাব্য তালিকাভুক্তি বৈশ্বিক বিনিয়োগ বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।
তথ্যসূত্র: এএফপি
