আমরা তো এখন জনপ্রিয় জুটি!: মেলোনি
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Wednesday, June 17, 2026 8
অনলাইন ডেস্ক : জি৭ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতারা একে অপরের সঙ্গে করমর্দন করছেন। হালকা মেজাজে কথাবার্তা বলছেন। সেখানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
সেই জটলায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হাজির হতেই মোদি এগিয়ে যান। দুই রাষ্ট্রনেতার সংক্ষিপ্ত কথোপকথন নজর কেড়েছে সবার।
সমাজমাধ্যমে তাদের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ইনস্টাগ্রামে মেলোনির সঙ্গে তাদের জুটির জনপ্রিয়তার কথাই বলেন মোদি!
মঙ্গলবার (১৬ জুন) ফ্রান্সে জি৭ সম্মেলনে মিলিত হয়েছেন বিভিন্ন রাষ্ট্রনেতারা। সম্মেলনের ফাঁকে তারা একই মঞ্চে নিজেদের মধ্যে আলাপচারিতা সেরে নেন। ‘গ্রুপ ফটো’ তোলেন। ছবি তোলার সময় যখন রাষ্ট্রনেতারা লাইন দিয়ে দাঁড়াচ্ছিলেন তার ঠিক আগে মোদি-মেলোনি একে অপরকে শুভেচ্ছা জানান।
করমর্দন করেন দু’জনে। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, তারা দু’জনে কিছু কথা বলছেন। তবে কী কথা হয়েছে, তা খুব স্পষ্ট নয়।
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, মেলোনি-মোদি জনপ্রিয়তা নিয়ে কথা হয়েছে। মোদির কথার জবাবে মেলোনিকে বলতে শোনা গিয়েছে, ‘‘হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় জুটি।’’
মাসখানেক আগে ইতালি সফরে মেলোনির সঙ্গে মোদির ‘রসায়ন’ আলোচনায় ছিল। মেলোনিকে এক প্যাকেট মেলোডি চকোলেট উপহার দিয়েছিলেন মোদি। চকোলেট উপহার পেয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি হালকা মেজাজের ভিডিও পোস্ট করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী।
সেই ভিডিওতে দেখা গিয়েছিল, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন মোদি এবং মেলোনি। একটি মেলোডি চকোলেটের প্যাকেট ধরে রেখেছেন দু’জনে। দু’জনেই হাসছেন।
ভিডিওতে মেলোনিকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী মোদি উপহার হিসাবে এনেছেন একটি খুব, খুব ভাল টফি— মেলোডি। এর পর দু’জনেই আবার হেসে ওঠেন।
২০২৩ সালে মোদি-মেলোনির দ্বিপাক্ষিক বৈঠকের পর থেকেই নেটদুনিয়ায় তাদের জুটির সঙ্গে জুড়েছে ‘মেলোডি’ নামটা। ২০২৪ সালে মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করে ‘মেলোডি’ শব্দের উল্লেখ করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী।
২০২৫ সালের জুনে জি৭ সম্মেলনের ফাঁকেও মোদি-মেলোনির ভিডিও ভাইরাল হয়েছিল। নেটদুনিয়ায় আলোচনা হয় ‘মেলোডি’ নিয়ে।
শুধু তা-ই নয়, বিভিন্ন বিশ্বমঞ্চে দুই রাষ্ট্রনেতার উপস্থিতি, তাদের আলাপচারিতা নিয়ে কম আলোচনা হয়নি। ফ্রান্সে ২০২৬ সালের জি৭ সম্মেলনেও সেই আলোচনা আবার ফিরে এল।
কূটনৈতিক মহলের মতে, মোদি-মেলোনির সম্পর্ক নিছক ছবি বা ভিডিওতেই সীমাবদ্ধ নয়। এই সম্পর্ক ইতালি এবং ভারতের চলমান বিদেশনীতির অংশ।
ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার ইতালি। উভয় দেশই ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের জন্য কাজ করছে।
