আন্তর্জাতিক

কেনিয়ায় স্কুলের হোস্টেলে ভয়াবহ আগুনে ১৬ ছাত্রী নিহত

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Friday, May 29, 2026 3

অনলাইন ডেস্ক : কেনিয়ার মধ্যাঞ্চলীয় একটি শহরের মেয়েদের স্কুলের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন ছাত্রী নিহত হয়েছে। দেশটির পুলিশ ও সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার কেনিয়ার শিক্ষামন্ত্রী জুলিয়াস ওগাম্বা গণমাধ্যমকে জানিয়েছেন, নাকুরু কাউন্টির গিলগিল শহরের উতুমিশি গার্লস স্কুলে রাতের বেলা এই আগুন লাগে। এই ঘটনায় আরও অন্তত ৭৯ জন ছাত্রী আহত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

 

জানা গেছে, রাজধানী নাইরোবি থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত গিলগিল শহরে উদ্ধার অভিযান ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ নেতৃত্ব দিচ্ছে।

দেশটির জ্যেষ্ঠ পুলিশ কমান্ডার মাসুদ মইনি সাংবাদিকদের জানান, আগুন লাগার পর তীব্র আতঙ্কে অনেক ছাত্রী আশপাশের এলাকায় পালিয়ে যায়। তাদের খুঁজে বের করতে প্রায় ৫০ জন পুলিশ সদস্য পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছেন।

 

কেনিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা এইটাই প্রথম না। এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৭ সালে নাইরোবির একটি স্কুলে অগ্নিকাণ্ডে ১০ জন শিক্ষার্থীর মৃত্যু হয়, যে ঘটনায় পরবর্তীতে এক শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে হত্যার অভিযোগ আনা হয়।

এছাড়া শুধুমাত্র ২০১৮ সালেই দেশটির সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৬০টিরও বেশি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছিল।

 

এর আগে ২০২৪ সালে পার্শ্ববর্তী নেরি কাউন্টির একটি প্রাথমিক বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডে ২১ জন ছাত্র মারা যায়, যার সুনির্দিষ্ট কারণ এখনো উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর