চীনে পাকিস্তানের ইস্যুকৃত আরএমবি বন্ডে ব্যাপক সাড়া
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Monday, May 18, 2026 7
অনলাইন ডেস্ক : চীনে পাকিস্তানের সর্বপ্রথম অভ্যন্তরীণ আরএমবি-মূল্যের ইস্যুকৃত পান্ডা বন্ড বাজারে ব্যাপক সাড়া ফেলেছে, যা চীনা ইউয়ানের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাব এবং বেইজিং ও ইসলামাবাদের মধ্যে গভীরতর আর্থিক সংযোগকে তুলে ধরেছে। গত ১৪ মে, পাকিস্তান চীনের অভ্যন্তরীণ বাজারে তার প্রথম পান্ডা বন্ডের হিসাবরক্ষণ ও ইস্যু সম্পন্ন করে। প্রাথমিকভাবে ১শ’ ৭৫ কোটি ইউয়ানের লক্ষ্যমাত্রা থাকলেও, এই ইস্যুটি ৮শ’ ৮৩ কোটির বেশি ইউয়ানের সাবস্ক্রিপশন আকর্ষণ করে, যার ফলে বন্ডটি পাঁচ গুণেরও বেশি হয়।
এই চুক্তিটি একই সাথে বেশ কয়েকটি মাইলফলক চিহ্নিত করেছে। এটি ছিল চীনের অভ্যন্তরীণ আরএমবি বন্ড বাজারে পাকিস্তানের অভিষেক এবং যেকোনো দক্ষিণ এশীয় দেশের প্রথম পান্ডা বন্ড ইস্যু। এটি এমন এক সময়ে ঘটেছে, যখন অনেক উন্নয়নশীল অর্থনীতি পশ্চিমা-নেতৃত্বাধীন পুঁজি ব্যবস্থার উপর নির্ভরতা পুনর্বিবেচনা করছে, এবং একটি বিকল্প বৈশ্বিক অর্থায়ন কেন্দ্র হিসেবে চীনের প্রসারিত ভূমিকাকে তুলে ধরেছে।তিন বছর মেয়াদী এই বন্ডের চূড়ান্ত কুপন হার ছিল মাত্র ২.৫শদাংশ, যা বিশ্বব্যাপী ঋণের উচ্চ ব্যয়ের প্রেক্ষাপটে অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি হার হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হয়েছে।
বাজারে অংশগ্রহণকারীরা বিনিয়োগকারীদের এই চাহিদাকে একটি সার্বভৌম বন্ড ইস্যুর জন্য, বিশেষ করে আন্ত:সীমান্ত অর্থায়নের ক্ষেত্রে, অস্বাভাবিকভাবে শক্তিশালী বলে অভিগিত করেছেন।দুটি প্রধান বহুপাক্ষিক ঋণদাতা সংস্থা ‘এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক’ এর গ্যারান্টির মাধ্যমে এই ইস্যুর প্রতি আস্থা আরও জোরদার হয়েছে।
এই দুটি সংস্থা যৌথভাবে মূলধন ও সুদ পরিশোধের ৯৫ শতাংশ পর্যন্ত শর্তহীন এবং অপরিবর্তনীয় গ্যারান্টি প্রদান করেছে। চীনা রেটিং সংস্থাগুলো এই বন্ডকে সর্বোচ্চ এএএ রেটিং দিয়েছে।এদিকে, পান্ডা বন্ডের মাধ্যমে সংগৃহীত তহবিল পাকিস্তানের অবকাঠামো এবং সামাজিক উন্নয়নের অগ্রাধিকারমূলক খাতগুলোতে সহায়তা করবে, যার মধ্যে রয়েছে পানি ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব জ্বালানি এবং জলবায়ু-সহনশীল উন্নয়নের সাথে যুক্ত জনস্বাস্থ্য প্রকল্প।
পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এবং রাষ্ট্রদূত খলিল হাশমি এই ইস্যুটিকে একটি সাধারণ অর্থায়ন ব্যবস্থার চেয়েও বেশি কিছু হিসেবে অভিহিত করেছেন। তারা এটিকে দুই দেশের মধ্যে ‘সর্বকালীন’ কৌশলগত অংশীদারিত্বের প্রমাণ এবং ক্রমবর্ধমান সমন্বিত দ্বিপাক্ষিক আর্থিক সহযোগিতার একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।পাকিস্তানের বন্ড বিক্রির সাফল্য আরএমবি-র ক্রমবর্ধমান আন্তর্জাতিকীকরণকেও প্রতিফলিত করে।
কয়েক দশক ধরে, সার্বভৌম অর্থায়ন এবং আন্ত:সীমান্ত নিষ্পত্তি পশ্চিমা মুদ্রা ও প্রতিষ্ঠানগুলোর দ্বারা নিয়ন্ত্রিত ছিল। কিন্তু এখন ক্রমবর্ধমান সংখ্যক দেশ অর্থায়ন, রিজার্ভ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আরএমবি-ভিত্তিক সম্পদের দিকে ঝুঁকছে।বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সফল পান্ডা বন্ড ইস্যু বৈশ্বিক আর্থিক পরিম-লে একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেখানে চীনের উন্মুক্ত এবং ক্রমবর্ধমান প্রভাবশালী পুঁজিবাজার পশ্চিমা আর্থিক আধিপত্যের একটি বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে আবির্ভূত হচ্ছে; বিশেষ করে সেইসব উন্নয়নশীল অর্থনীতির জন্য, যারা কোনো রাজনৈতিক শর্ত ছাড়াই স্বল্প খরচে অর্থায়ন খুঁজছে।
সূত্র: এপিপি, আইএনপি।
