আন্তর্জাতিক

জ্যোতিষীকে রাজনৈতিক উপদেষ্টা করলেন বিজয়, মিত্রদের আপত্তি

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Wednesday, May 13, 2026 7

অনলাইন ডেস্ক : ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে একজন জ্যোতিষীকে নিয়োগ দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন তার জোটসঙ্গী দলগুলোর নেতারাও।

নিয়োগ পাওয়া জ্যোতিষীর নাম রাধান পণ্ডিত ভেট্রিভেল। তিনি জ্যোতিষ চর্চার পাশাপাশি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম টিভিকে এর মুখপাত্র হিসেবেও পরিচিত। নির্বাচনী প্রচারণার সময় তিনি দলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিধানসভা নির্বাচনে বিজয়ের বড় জয়ের পূর্বাভাস দিয়েছিলেন এই জ্যোতিষী। ভোট গণনার দিন টিভিকে এগিয়ে থাকার সময় তিনিই প্রথম বিজয়ের বাসভবনে যান।

তবে এই নিয়োগ মেনে নিতে পারছে না মিত্র দলগুলো। তাদের মতে, একটি ধর্মনিরপেক্ষ সরকারের জন্য এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

কংগ্রেসের এমপি শশীকান্ত সেন্থিল সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলে বলেন, মুখ্যমন্ত্রীর বিশেষ দায়িত্বে একজন জ্যোতিষী কেন প্রয়োজন, তা বোধগম্য নয়।

 

টিভিকের মিত্র দল ভিসিকের মহাসচিব ডি রবিকুমার বলেন, এটি পুনর্বিবেচনা করা উচিত। সরকারের দায়িত্ব হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি উৎসাহিত করা, জ্যোতিষশাস্ত্র নয়।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শানমুগাম পি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এতে মানুষের মধ্যে কুসংস্কারের প্রবণতা বাড়তে পারে এবং এটি অগ্রহণযোগ্য।

 

রাধান পণ্ডিতের গ্রাহক তালিকায় তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার নামও রয়েছে। যদিও তার কিছু ভবিষ্যদ্বাণী বাস্তবে মিলেনি বলেও উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর