খেলাধুলা

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Friday, June 12, 2026 3

স্পোর্টস ডেস্ক : পর্দা উঠেছে ২০২৬ বিশ্বকাপের। প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এ আসরের উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে মুখোমুখি হয় সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। যেখানে ম্যাচে দাপট দেখিয়ে ৯ জনের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে মেক্সিকো।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ৩৯ দিনের এই মহাযজ্ঞ।

 

ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে সঙ্গীত পরিবেশন করেন বিশ্বখ্যাত কলম্বিয়ান শিল্পী শাকিরা ও বার্না বয়। এছাড়া জে বালভিন ও দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাও অংশ নেন।

এদিন টুর্নামেন্টের প্রথম গোলটি আসে মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। এই ফরোয়ার্ড ৯ মিনিটে গোলটি করেছেন। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

 

বিরতির পর ২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পেলেন সিথোলে।

খেলার ৬৬ মিনিটে মাঠে নেমে বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন গিলবার্তো মোরা। পরের মিনিটেই মেক্সিকোকে ২–০ গোলে এগিয়ে দিলেন রাউল হিমিনেজ।

 

ম্যাচের ৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখে ৯ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার থেম্বা জেওয়ানে।

ম্যাচের নির্ধারিত সময়ে পর মেক্সিকোর সেসার মন্তেস লাল কার্ড দেখেন। তবে জয় পেতে কোনো সমস্যা হয়নি স্বাগতিকদের।

এই বিভাগের আরও খবর