আন্তর্জাতিক

বাংলাদেশিদের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির ঘোষণা কলকাতার ব্যবসায়ীদের

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Friday, July 3, 2026 5

অনলাইন ডেস্ক : বাংলাদেশি পর্যটকরা ফের পুরোদমে আসা শুরু করলে তাদের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছেন কলকাতার ‘মিনি বাংলাদেশের’ ব্যবসায়ীরা। গত দুই বছর ধরে বাংলাদেশিরা না যাওয়ায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে এই ক্ষতি রাতারাতি দাম বাড়িয়ে পুষিয়ে নিতে চান না সেখানকার ব্যবসায়ীরা। এর আগে বাংলাদেশিদের আস্থা অর্জন করতে চান তারা।

গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

 

প্রায় দুই সপ্তাহ আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত দিনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণা দেন। এরপর থেকেই কলকাতার মারকুইস স্ট্রিট, সুদ্দার স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রাফি আহমেদ কিদায়ী সড়ক এবং কলিং স্ট্রিটের ব্যবসায়ীরা নতুন করে আবারও আশা খুঁজে পান।

এসব জায়গার হোটেল, ক্যাটারিং, খুচরা দোকান এবং মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি পর্যটকদের ওপর অনেক বেশি নির্ভরশীল।

সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা বাংলাদেশিদের কাছ থেকে পণ্যের অতিরিক্ত দাম নিয়ে তাদের দূরে সরিয়ে দিতে চান না। কারণ বাংলাদেশিদের যাওয়ার অন্যান্য জায়গা আছে।

 

বাংলাদেশি পর্যটকদের কীভাবে সেবা দেওয়া যায় সে ব্যাপারে সেখানকার ব্যবসায়ীরা একটি আলোচনায় বসেছিলেন। সেখান থেকেই সিদ্ধান্ত আসে অতিরিক্ত দামে তারা পণ্য বিক্রি করবেন না।

ব্যবসায়ীরা বলেছেন, “গত দুই বছর আমরা অনেক লস করেছি। কিন্তু রাতারাতি এসব ক্ষতি পুষিয়ে নেওয়ার চিন্তা করার সময় এখন না। যদি পর্যটকরা মনে করেন তাদের সেবা দেওয়া হচ্ছে এবং তাদের অর্থের মূল্য দেওয়া হচ্ছে তাহলে তারা ফিরে আসবেন এবং কলকাতার ব্যাপারে অন্যদের কাছে বলবেন।”

 

ফ্রি স্কুল স্ট্রিটের ব্যবসায়ী সংগঠনের মহাসচিব হায়দার আলি খান বলেছেন, “এ মুহূর্তে স্বদিচ্ছা দ্রুত সময়ে বেশি অর্থ পাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

কলকাতা হোটেল, গেস্ট হাউজ এবং রেস্টুরেন্ট মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব আফাক শামীম বলেছেন, “আমরা কলকাতায় পর্যটকদের স্বাগত জানাই। আগের মতোই তারা এখনো তাদের অর্থের মূল্য পাবেন। আমরা দীর্ঘকালীন সম্পর্ক চাই যা সবার জন্য লাভজনক।”

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর