স্টারমারের নেতৃত্বে অনাস্থা জানিয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Thursday, May 14, 2026 11
অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ওয়েস স্ট্রিটিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি চিঠি পোস্ট করে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর পদ ছাড়ার কারণ জানিয়ে স্ট্রিটিং উল্লেখ করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর ‘আস্থা হারিয়েছেন’ তিনি। চিঠিতে স্ট্রিটিং লিখেছেন, ‘কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর আমার আর কোনও আস্থা নেই। এই অবস্থায় সরকারের অংশ হয়ে থাকাটা হবে নীতিহীন এবং সম্মানহানিকর কাজ।’
তার এই আকস্মিক পদত্যাগ যুক্তরাজ্যের বর্তমান রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি করেছে। এটিকে স্টারমার প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
স্ট্রিটিংয়ের পদত্যাগের পর এখনও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী তার নেতৃত্বের বিরুদ্ধে যেকোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।
প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র জানিয়েছেন, স্টারমারের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। গত সোমবার (১১ মে) তিনি যে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তা এখনও বহাল রয়েছে।
উল্লেখ্য, যদি প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক চ্যালেঞ্জ শুরু হয়, তবে স্টারমার চাইলে সরাসরি সেই ব্যালট পেপারে নিজের নাম রেখে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
সোমবার নিয়মিত ক্যাবিনেট বৈঠকে লেবার পার্টির সাম্প্রতিক নির্বাচনি ফলাফলের জন্য ‘ব্যক্তিগত দায়’ স্বীকার করে নিয়েছিলেন স্টারমার। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, নেতৃত্বকে চ্যালেঞ্জ করার জন্য যে প্রক্রিয়া প্রয়োজন, তা এখনও শুরু হয়নি।
সূত্র: বিবিসি
