হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধের লঙ্ঘন সহ্য করা হবে না, ভারতকে রুবিও
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, June 13, 2026 10
অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে মার্কিন সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি বলেন, হরমুজে মার্কিন অবরোধের লঙ্ঘন কোনোভাবে সহ্য করা হবে না।
জয়শঙ্করের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধের লঙ্ঘন এবং ইরানের তেলের অবৈধ পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না।’’
জয়শঙ্কর বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন এবং রুবিওর সঙ্গে ফোনালাপে তিনি ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের বিষয়টি উত্থাপন করেন।
চলতি সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির মাঝে ওমানের কাছে হরমুজ প্রণালিতে ওই হামলা চালায় মার্কিন বাহিনী। এতে জাহাজে থাকা ভারতীয় তিন নাবিক নিহত হন।
ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত ভারতীয় ক্রু-বাহী অন্তত তিনটি জাহাজ মার্কিন হামলার শিকার হয়েছে। হামলায় তিন ভারতীয় ক্রু সদস্যের প্রাণহানির ঘটনায় ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে ‘তীব্র প্রতিবাদ’ জানানো হয়।
পশ্চিম এশিয়ায় বাণিজ্যিক জাহাজগুলোতে মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদ জানাতে শুক্রবার নয়াদিল্লিতে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করে ভারত। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন কূটনীতিককে তলব করা হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
