ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর যেকোনো ধরনের
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর যেকোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো ‘সম্পূর্ণরূপে ব্যর্থ ও নিরর্থক’ বলে প্রমাণিত হবে—রাশিয়াকে কড়া বার্তা দিয়েছেন ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার মার্কিন এয়ার ফোর্সের জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ। সোমবার (১২ অক্টোবর) পোল্যান্ডে অনুষ্ঠিত ওয়ারশ সিকিউরিটি ফোরামে দেওয়া এক বিশেষ বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অ্যালেক্সাস গ্রিনকেভিচ বলেন, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট হলেও এটি তার যেকোনো সদস্য দেশের ওপর আক্রমণ করার মতো বোকামি কেউ করলে জোটের পক্ষ থেকে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। এই প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে প্রয়োজনে আক্রমণকারী বাহিনীর সীমানা ছাড়িয়ে সুদূর পর্যন্ত তীব্র ও ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালানো হবে।
ইউরোপীয় দেশসমূহ ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য করেন ন্যাটোর ইউরোপীয় জোটের সর্বোচ্চ কমান্ডার।
সাম্প্রতিক সময়ে ইউরোপের দেশগুলোতে একের পর এক সাইবার হামলা, ড্রোন অনুপ্রবেশ এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে, যার পেছনে মস্কোর হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছে ইউরোপীয় সরকারগুলো।
অন্যদিকে, রাশিয়ার পক্ষ থেকেও এসেছে পাল্টা হুমকি। গত মাসেই মস্কো সতর্ক করে দিয়ে বলেছে, ন্যাটো যদি তাদের বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদকে অবরুদ্ধ বা আলাদা করার চেষ্টা করে, তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না।
ওয়ারশ নিরাপত্তা ফোরামে দেওয়া ভাষণে গ্রিনকেভিচ সরাসরি রাশিয়ার নাম উল্লেখ না করলেও তাঁর বার্তাটি স্পষ্টতই মস্কোকে উদ্দেশ্য করে ছিল। ন্যাটোর ২০২২ সালের কৌশলগত পরিকল্পনায় রাশিয়াকে জোটের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে।
জেনারেল গ্রিনকেভিচ বলেন, ‘যদি কেউ আমাদের ওপর হামলা করার মতো বোকামি করে, তবে আমরা অবশ্যই লড়াই করব। আমরা কেবল সেই হামলা থামিয়েই দেব না, বরং হামলাকারীদের কোনো উদ্দেশ্যই সফল হতে দেব না।’
তিনি স্মরণ করিয়ে দেন, বর্তমান ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এই সামরিক জোটের কাছে যেকোনো ধরনের ঝুঁকি বা আগ্রাসন মোকাবেলা করার মতো প্রয়োজনীয় সব আধুনিক হাতিয়ার ও কৌশল রয়েছে।
ইউরোপীয় দেশগুলো যখন ন্যাটোর সুরক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী ভূমিকা নিয়ে আলোচনা করছে, ঠিক তখনই মার্কিন এই জেনারেলের কাছ থেকে এমন জোরালো আশ্বাস এলো।