ই-পেপার

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে

শ্রমিক বিক্ষোভ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে

আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ২২:৫০
৩৫ ভিউ
শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : শ্রমিক বিক্ষোভ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে। পরিস্থিতির কারণে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড জারা ও এইচঅ্যান্ডএম নভেম্বরের প্রথম ১৫ দিনে তাদের প্রায় ১০ শতাংশ অর্ডার বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। এসব অর্ডারের বড় অংশই গেছে ভারতে।

বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটিকে কয়েকজন কারখানার মালিক বলেছেন, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া ও খরচ বেড়ে যাওয়ায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের বিদ্যমান সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিন কারখানার মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বরের ১ থেকে ১৮ তারিখের মধ্যে বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের অর্ডার অন্য দেশে চলে গেছে। এর সিংহভাগ পেয়েছে ভারত।

শিল্পসংশ্লিষ্ট নেতাদের মতে, শ্রমিকদের বেতন বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের স্বল্পমূল্যে পোশাক উৎপাদনের সক্ষমতাকে দুর্বল করেছে। একসময় এই সুবিধার ওপর ভর করেই চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক উৎপাদনকারী দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজেএমইএ) জানিয়েছে, শ্রমিক বিক্ষোভের কারণে এ পর্যন্ত উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪০০ মিলিয়ন ডলার। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। ফলে এ শিল্পে অস্থিরতার প্রভাব জাতীয় রপ্তানি আয়ের ওপরও পড়ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতিতে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ভারত। একই সঙ্গে সরবরাহব্যবস্থায় বিঘ্ন এড়াতে বিদেশি ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও অর্ডার সরিয়ে নিচ্ছেন।

বাংলাদেশ থেকে অর্ডার প্রত্যাহারের বিষয়ে জানতে জারা ওনার ইনডেক্সের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি। এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিওর কাছ থেকেও কোনো জবাব পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স