সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার
ছবি সংগৃহীত: ফাইল ছবি
রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার গোলাম মহিউদ্দিন চৌধুরী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। তাঁকে নিয়ে এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্প এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক হামলা চালায়। এ সময় তারা প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
একপর্যায়ে হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। স্টুডিও থেকে বিভিন্ন সরঞ্জাম ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি কেব্ল, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে। পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। এতে প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
হামলার সময় সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে শটগানের পাঁচটি গুলি ছোড়ে।
এদিকে, একই মামলায় গ্রেপ্তার তিন আসামি মামুন (৩২), আসলাম (২৪) ও মুন্না (২৯)-কে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।