ই-পেপার

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

‘সম্ভাব্য হামলার আশঙ্কায়’ যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি

আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪
৩৫ ভিউ
যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ‘সম্ভাব্য হামলার আশঙ্কায়’ যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যবহৃত এই রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ঘাঁটিতে ‘সন্ত্রাসী হামলার’ পরিকল্পনার অভিযোগে কয়েকজনকে আটক করে স্থানীয় পুলিশ।

কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, অত্যন্ত জরুরি ভিত্তিতে বোমারু বিমান স্থানান্তর প্রক্রিয়া শুরু করা হয়েছে। ফেয়ারফোর্ডে থাকা বি-১ বোমারু বিমানগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে।

আল জাজিরাকে দেয়া এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র বলেন, ‘অপারেশনাল নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে আমাদের সামরিক সরঞ্জাম ও বাহিনীর চলাচলের তথ্য নিশ্চিত করার সুযোগ ছিল না। তবে এখন আমরা নিশ্চিত করছি, আরএএফ ফেয়ারফোর্ডে মোতায়েন করা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রে তাদের নিজস্ব ঘাঁটিতে ফিরে গেছে।’

তিনি আরও যোগ করেন, ‘বি-১, বি-২ এবং বি-৫২ সহ আমেরিকার বোমারু বহর পরিচালনাকারী বিমানসেনারা যেকোনও সময়, যেকোনও স্থানে—এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে উড্ডয়ন ও অবতরণের মাধ্যমে নির্ভুল দূরপাল্লার হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিটি বোমারু বিমানের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই সামরিক ঘাঁটিটি সম্প্রতি আলোচনায় এসেছে।

গত ২৭ সেপ্টেম্বর ঘাঁটিটির কাছে বিস্ফোরক বসানোর চক্রান্তের অভিযোগে পাঁচজনকে আটক করে যুক্তরাজ্যের পুলিশ। দেশটির তদন্তকারীরা এই ‘চক্রান্তের’ পেছনে ইরানের হাত থাকতে পারে বলে প্রাথমিকভাবে উল্লেখ করেছে। তবে ইরান এ ধরনের পরিকল্পনার কথা অস্বীকার করেছে।

এদিকে আটকের পরদিনই কোনও অভিযোগ ছাড়াই তাদের মুক্তি দেয়া হয়। তদন্তকারীরা তাদের ভ্যান থেকে পেট্রোল পেলেও কোনও বিস্ফোরক ডিভাইস পাননি। যুক্তরাজ্যের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, তাদের তদন্ত এখনও অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের পুলিশ আরও জানায়, তারা ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনাকারী সন্দেহে লন্ডনে ২৫ বছর বয়সী এক ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিককে গ্রেপ্তার করেছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন, কথিত এই চক্রান্তে ‘ইরানের ভূমিকা ছিল’। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।