এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ)
ছবি সংগৃহীত: ফাইল ছবি
বিনোদন ডেস্ক : এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী শিল্পী হওয়ার রেকর্ড গড়েছেন টেইলর সুইফট। রবিবারের অনুষ্ঠানে ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে তার মোট ভিএমএ পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে ৩২টিতে।
এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন বিয়ন্সেকে।
এর আগে সুইফট ও বিয়ন্সে দুজনের ঝুলিতেই ছিল ৩০টি করে ভিএমএ পুরস্কার। নতুন এই অর্জনের মধ্য দিয়ে রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন সুইফট।
পুরস্কার গ্রহণের সময় প্রয়াত সংগীতশিল্পী ডলি পার্টনকে স্মরণ করেন সুইফট।
তাকে ‘দ্য আলটিমেট শোগার্ল’ হিসেবে উল্লেখ করে সুইফট বলেন, পার্টনের লেখা প্রতিটি গান এবং গল্প বলার ধরন ছিল অত্যন্ত জীবন্ত ও সমৃদ্ধ।
এবারের আয়োজনে প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ পুরস্কারও পেয়েছেন সুইফট। ক্যামেরার পেছনে কাজের মাধ্যমে সংগীত ভিডিওর সম্ভাবনা বাড়ানো এবং দৃশ্যনির্ভর গল্প বলার শিল্পকে এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে চালু করা হয়েছে এই পুরস্কার।
সুইফটের দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী ডাকোটা জনসন তার হাতে পুরস্কারটি তুলে দেন।
এ সময় জনসন সুইফটকে ‘আবেগের জগতের একজন নির্মাতা’ হিসেবে বর্ণনা করেন।
অনুষ্ঠানে সুইফট জানান, গত ২০ বছরে তিনি প্রায় ৬০টি সংগীত ভিডিও তৈরি করেছেন। এর মধ্যে ১৮টির চিত্রনাট্য লেখা ও পরিচালনার দায়িত্বও পালন করেছেন নিজেই। ভক্তদের কথা ভেবেই সংগীত ভিডিও লেখা ও পরিচালনা করতে সবচেয়ে বেশি ভালো লাগে বলে জানান তিনি।
পুরস্কার গ্রহণের পর নিজের নতুন গান ‘পেশেন্ট জিরো’র মিউজিক ভিডিওর উদ্বোধন করেন সুইফট।
ভিডিওটি পরিচালনাও করেছেন তিনি। এতে অভিনয় করেছেন ডাকোটা জনসন ও অস্কার মনোনীত অভিনেতা কলিন ফারেল। চিত্রগ্রহণ করেছেন অস্কারজয়ী সিনেমাটোগ্রাফার এমানুয়েল লুবেজকি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সুইফট জানান, ‘পেশেন্ট জিরো’র ভিডিওতে গথিক ভূতের গল্প, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অপরাধকাহিনি এবং মনস্তাত্ত্বিক থ্রিলারের উপাদান একসঙ্গে তুলে ধরতে চেয়েছেন তিনি। ভিডিওতে ব্যবহৃত বাড়িটি ভেঙে যাওয়া ও শীতল হয়ে পড়া একটি সম্পর্কের রূপক বলেও উল্লেখ করেন সুইফট।
শুক্রবার মধ্যরাতে প্রকাশের পর ‘পেশেন্ট জিরো’ চলতি বছরে এক দিনে কোনো নারী শিল্পীর সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান হিসেবে নতুন রেকর্ড গড়েছে। একই সময়ে ‘দ্য লাইফ অব আ শোগার্ল : দ্য এনকোর’ অ্যালবামের বর্ধিত সংস্করণ প্রকাশের ফলে ২০২৬ সালে এক দিনে যেকোনো নারী শিল্পীর মধ্যে সর্বোচ্চ স্ট্রিমের রেকর্ডও গড়েছেন সুইফট।
বর্ধিত সংস্করণে ‘পেশেন্ট জিরো’ ছাড়াও রয়েছে ‘ক্লিভল্যান্ড!’, ‘পিংক ক্লাউডিং’ ও ‘ব্যাবিলন’ গান।