ই-পেপার

ইতালির স্কুলে মুখঢাকা পোশাক নিষিদ্ধের আইন পাস

ইতালির স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধের পাশাপাশি প্রথম বর্ষের

আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০১
৬৭ ভিউ
ইতালির স্কুলে মুখঢাকা পোশাক নিষিদ্ধের আইন পাস

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইতালির স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধের পাশাপাশি প্রথম বর্ষের শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশে সীমিত করার বিধান রেখে শিক্ষা সংস্কার আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। আইন অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো (প্রায় ১ হাজার ১০০ মার্কিন ডলার) জরিমানার বিধান রাখা হয়েছে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে এ জরিমানার দায় নিতে হবে তার বাবা-মা বা আইনি অভিভাবককে।

২৬ নভেম্বর পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে ১৪২-১১২ ভোটে আইনটি পাস হয়। ভোটদানে বিরত ছিলেন চারজন সংসদ সদস্য। এর আগে ২০ নভেম্বর উচ্চকক্ষ সিনেটে বিলটি অনুমোদন পেয়েছিল। ফলে পার্লামেন্টের উভয় কক্ষেই আইনটি পাস হলো।

নতুন বিধান অনুযায়ী, স্কুল চলাকালে শিক্ষার্থীরা বোরকা ও নিকাবের মতো মুখ ঢেকে রাখা পোশাক পরতে পারবে না। একই সঙ্গে প্রথম বর্ষের শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর উপস্থিতি সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ থাকবে। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জনকারী শিক্ষার্থীরা এ সীমার আওতামুক্ত থাকবে। বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে।

আইনটির উদ্দেশ্য ব্যাখ্যা করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এটি বৃহত্তর শিক্ষা সংস্কারের অংশ। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম যথাসময়ে শুরু করা, ‘ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান’ (পিএনআরআর)-এর আওতায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের মূলধারার শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিতে সহায়তা করাই এর লক্ষ্য।

গত ২১ সেপ্টেম্বর মিলানে এক জনসভায় শিক্ষা সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছিলেন মেলোনি। স্কুলে মুসলিম ছাত্রীদের বোরকা-নিকাব পরার প্রসঙ্গে তিনি বলেছিলেন, “শিক্ষার্থীদের অবশ্যই মুখ খোলা রেখে স্কুলে আসতে হবে। ইতালিতে কখনও এমন কোনো সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, যা একজন কিশোরী বা তরুণীকে মুখ ঢেকে চলতে উৎসাহিত করে।”

বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি জানিয়েছিলেন, স্কুলে সর্বোচ্চ কতজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবে, সে বিষয়ে মন্ত্রিসভায় প্রস্তাব দেওয়া হবে। পাশাপাশি ইতালির শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে সমস্যায় পড়া বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা এবং স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করার বিষয়ও ওই প্রস্তাবে থাকবে।

এরপর ২৫ সেপ্টেম্বর মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করে। প্রায় দুই মাস পর পার্লামেন্টে শিক্ষা সংস্কার আইনটি চূড়ান্ত অনুমোদন পেল।

আইন পাসের পর এর সমালোচনা করেছে ইতালির বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, নতুন আইনটি দেশটির শিক্ষাব্যবস্থার মৌলিক সমস্যাগুলো সমাধান করতে পারবে না। বরং এর কিছু বিধান শিক্ষার্থীদের মধ্যে বিভাজন বাড়াতে পারে।

সূত্র: এএফপি, ইন্ডিয়া টুডে