ই-পেপার

আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও

আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ২১:২৯
১০ ভিউ
আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার আল ওয়াতান সড়কে ঘটে যাওয়া এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট সময় জানানো হয়নি। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি প্রবাসী রয়েছেন কি না, তা-ও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজে নামে সংশ্লিষ্ট জরুরি সেবাদানকারী দলগুলো। অ্যাম্বুলেন্স সার্ভিস, সিভিল ডিফেন্স ও অন্যান্য কর্তৃপক্ষের সমন্বয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান এবং জরুরি কার্যক্রম শুরু করা হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।

দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি শোক এবং আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এ ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়েও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, এর মাত্র ১২ দিন আগে ফুজাইরাহ এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছিলেন। আমিরাতের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর শেখ খলিফা বিন জায়েদ সড়কে (ই৮৪) পরপর দুটি দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে প্রথম দুর্ঘটনায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে অন্য একটি যানবাহনের সংঘর্ষ হয়। দ্বিতীয় ঘটনায় দুটি শিপিং কনটেইনার বহনকারী একটি ট্রাক উল্টে যাওয়ার আগে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস।