ই-পেপার

কানাডার ভিসা দ্রুত করার আহ্বান বাংলাদেশের

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য কানাডার

আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ২১:৪৯
৮ ভিউ
কানাডার ভিসা দ্রুত করার আহ্বান বাংলাদেশের

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় কানাডার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, কানাডায় বসবাসরত বাংলাদেশিরা দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।

এ সময় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রধানমন্ত্রীর রূপকল্প তুলে ধরেন শামা ওবায়েদ। পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্বারোপ করে এ খাতে নারীদের অবদানের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন কানাডীয় ডলারে পৌঁছেছে। এই বাণিজ্য আরও বহুমুখী করার পাশাপাশি বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশের উন্নয়নে কানাডার সহায়তার প্রশংসা করে তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরও আরও তিন বছর বাংলাদেশকে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেওয়ার সিদ্ধান্তের জন্য কানাডার প্রতি কৃতজ্ঞতা রয়েছে।

বৈঠকে বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়টি আবারও তুলে ধরেন শামা ওবায়েদ। অবৈধ অভিবাসন ঠেকাতে সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি উল্লেখ করেন, এতে দক্ষ অভিবাসনের সুযোগ সম্প্রসারিত হবে।

রোহিঙ্গা সংকটেও কানাডার ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলায় কানাডার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান জানান।

এ ছাড়া ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং প্রত্যাবাসন শেষ না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে কানাডার সমর্থন চান তিনি।