ই-পেপার

সীমান্ত থেকে রাজধানী, সারাদেশে নিরাপত্তা জোরদার

নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার আশঙ্কায় সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে সরকার।

আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ২৩:২৭
১ ভিউ
সীমান্ত থেকে রাজধানী, সারাদেশে নিরাপত্তা জোরদার

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে বিশেষ সতর্কতা জারির নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, টহল জোরদার এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ ও পুশ-ইন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

সম্প্রতি কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা পরিদর্শনকালে বিজিবিপ্রধান এসব নির্দেশনা দেন। এ সময় তিনি সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং অভিযান পরিচালনার প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি বিলোনিয়া ও আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টসহ কয়েকটি সীমান্ত ফাঁড়ি ঘুরে দেখেন। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন তিনি।

গত ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানা, হাসপাতাল, পরিবহণ সেবা, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখা ও সরকারি স্থাপনায় একের পর এক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয়, সমুদ্রবন্দর ও শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, সহিংসতা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় ঢাকা ও দেশের আরও ছয়টি জেলায় বিজিবির ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে রয়েছে দুই ব্যাটালিয়ন সদস্য। অন্যান্য মোতায়েনের স্থানগুলোর মধ্যে রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

শুধু সদস্য মোতায়েন নয়, পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের অভিযান পরিচালনায় প্রযুক্তির ব্যবহারও বাড়িয়েছে বিজিবি। নজরদারির কাজে ড্রোন, বডিওর্ন ক্যামেরা এবং আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

অন্যদিকে, গোপালগঞ্জের দুটি থানায় অগ্নিসংযোগের ঘটনার পর জেলাটি পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সেখানে নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর হুঁশিয়ারি দেন তিনি।

গোপালগঞ্জের শান্তিপ্রিয় বাসিন্দাদের উদ্দেশে আইজিপি বলেন, ‘আমি এই এলাকার শান্তিপ্রিয় মানুষকে নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

দুটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা তুলে ধরে তিনি প্রশ্ন করেন, পুলিশের থানাতেই যদি আগুন দেওয়া হয়, তাহলে পুলিশ কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবে।

এদিকে, দেশের শিল্পাঞ্চল, সরকারি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও মাঠে নেমেছে। সংস্থাটি নয়টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৫৩ প্লাটুন সদস্য মোতায়েন করেছে।

রাজধানীতেও অপরাধ দমনে বিশেষ নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। নাশকতা, অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক পাচার, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

গত রোববার অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় অভিযান বাড়ানোর পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

তবে নিরাপত্তা জোরদারের তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি পুলিশ বাহিনীতে দীর্ঘমেয়াদি সংস্কারের পরিকল্পনাও করছে পুলিশ সদরদপ্তর। গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে গঠিত আটটি উপকমিটির সুপারিশের ভিত্তিতে এ সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সংস্কার প্রস্তাবগুলোতে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ দমন, রাজনৈতিক সহিংসতা মোকাবিলা, সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশের জনবল ও প্রশিক্ষণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি লজিস্টিকস এবং ডিজিটাল নজরদারি ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা রয়েছে সরকারের। এর অংশ হিসেবে বডিওর্ন ক্যামেরা ও স্মার্ট ট্র্যাকিং সিস্টেমের ব্যবহার বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার একযোগে বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছে। সীমান্তে নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত সদস্য মোতায়েন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার মাধ্যমে নাশকতা ও সহিংসতা প্রতিরোধের চেষ্টা চলছে।