ই-পেপার

শেখ হাসিনা দেশে ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে: হাসনাত

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানানোর পর ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১৮:২০
১০ ভিউ
শেখ হাসিনা দেশে ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে: হাসনাত

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির মোটরসাইকেল র‍্যালিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা দেশে ফিরুক, সেটাই তাঁরা চান। তবে দেশে ফিরলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। তাঁকে দেশে ফেরানোর বিষয়ে বর্তমানে যেসব আলোচনা ও তৎপরতা চলছে, সেগুলোকে নাটক বলেও আখ্যা দেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে হাসনাত বলেন, বিমান পাঠানো, গাড়ি পাঠানো কিংবা সীমান্তে তল্লাশির মতো বিষয়গুলো নিয়ে যে আলোচনা হচ্ছে, তা মূলত রাজনৈতিক প্রচারণা। তাঁর দাবি, শেখ হাসিনা দেশে ফিরবেন না। তিনি আরও অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগপন্থীদের উজ্জীবিত করার চেষ্টা চলছে।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে স্বাগত জানাতে ফুল নিয়ে যাবেন তাঁরা। তবে তাঁর বক্তব্য অনুযায়ী, শেষ পর্যন্ত দেশের মানুষ তাঁকে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে দেবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গেও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি জানান, সোমবার (২৩ নভেম্বর) তাঁদের আহ্বায়ক বলেছিলেন, ৫ আগস্টেই আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে যে ঐক্য তৈরি হয়েছে, সেটিও ওই দিনই প্রতিষ্ঠিত হয়েছে বলে তাঁদের অবস্থান।

হাসনাত আবদুল্লাহর মতে, ডিসেম্বর কিংবা কোনো নির্দিষ্ট ঋতুকে কেন্দ্র করে গড়ে ওঠা ঐক্য দীর্ঘস্থায়ী হতে পারে না। দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি ও স্থায়ী ঐক্য।

তিনি বলেন, গণরায়, গণভোট এবং রাষ্ট্রীয় সংস্কারের ভিত্তিতে ঐক্য গড়ে তুলতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রীর নতুন করে ঐক্যের আহ্বান প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিষয়ে তাঁরা আগেও নিজেদের অবস্থান জানিয়েছেন। তাঁর অভিযোগ, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত সর্বশক্তি প্রয়োগ করছে।

তবে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্পর্কের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু ভারতের আধিপত্যবাদী মনোভাব এবং বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টার বিরুদ্ধেই ৫ আগস্টের আন্দোলন হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

সবশেষে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের কাছে তাঁরা জানতে চেয়েছেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা কী। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন এবং এ বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও জানতে চেয়েছেন তাঁরা।