রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শৃঙ্খলা আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
প্রতিটি এলাকায় নির্দিষ্ট রঙের নিবন্ধিত ই-রিকশা চলাচলের ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপে ব্র্যাক ও বিআইজিডির যৌথ আয়োজনে এক নীতি আলোচনায় এ পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, বিপুলসংখ্যক রিকশাচালকের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে এই যানবাহন পুরোপুরি বন্ধ না করে নিয়ন্ত্রিত ব্যবস্থায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকশা অনুসরণ করে দেশীয় প্রযুক্তিতে ই-রিকশা তৈরি ও চালুর পরিকল্পনা রয়েছে।
আলোচনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেন, অনিয়ন্ত্রিত রিকশা ও ফুটপাত দখল করে হকারদের ব্যবসার কারণে রাজধানীর যান চলাচল ও স্বাভাবিক নগরজীবন ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও সেই যুক্তিতে নির্বিচারে রিকশার অনুমোদন দেওয়া হলে নগরীর যানজট ও বিশৃঙ্খলা আরও বাড়তে পারে।