ই-পেপার

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত বিচারের আহ্বান ড. ইউনূসের

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ২৩:২৭
৪ ভিউ
গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত বিচারের আহ্বান ড. ইউনূসের

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক


গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে ড. ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি।

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলার বিবরণ দিয়ে তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে ব্যাংকটির বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ঋণগ্রহীতাদের হাতে ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ার এবং সরকারের হাতে বাকি ১০ শতাংশ শেয়ার রয়েছে। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি।

তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকের ওপর হামলা লাখ লাখ দরিদ্র নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। এসব ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ফলে গ্রামীণ নারীদের মধ্যে গভীর আতঙ্ক তৈরি হয়েছে।

বিবৃতিতে ব্যাংকটির মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার বিষয়েও কথা বলেন ইউনূস। তিনি জানান, ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এমনকি তিনি কখনো ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও ছিলেন না।

তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে।

ড. ইউনূস বলেন, প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং কোটি মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের আকাঙ্ক্ষার ওপরও আঘাত।

সবশেষে গ্রামীণ ব্যাংকের দেশি-বিদেশি বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের হামলার পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। দরিদ্র নারীদের এই ব্যাংক রক্ষায় সবাইকে ভূমিকা রাখারও অনুরোধ করেন ড. ইউনূস।