ই-পেপার

ইউনাইটেডের বিস্ময়বালক ‘বেবি মেসির’ দাম প্রকাশ, লড়াইয়ে রিয়াল-বার্সা

ম্যানচেস্টার ইউনাইটেডের ১৬ বছর বয়সী প্রতিভা জে জে

আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ২৩:১০
৯ ভিউ
ইউনাইটেডের বিস্ময়বালক ‘বেবি মেসির’ দাম প্রকাশ, লড়াইয়ে রিয়াল-বার্সা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের ১৬ বছর বয়সী প্রতিভা জে জে গ্যাব্রিয়েলকে দলে ভেড়াতে খরচ হতে পারে ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরো। স্কাই জার্মানির তথ্যমতে, এই তরুণ ফরোয়ার্ডকে দলে পেতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্প্যানিশ দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

গ্যাব্রিয়েলকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পাশাপাশি এই তালিকায় রয়েছে বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

জানা গেছে, ১৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার নিজেও স্পেনে যেতে আগ্রহী। বায়ার্ন মিউনিখ তাকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে গেলেও এ দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল ও বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে গ্যাব্রিয়েল ও তার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে। অন্যদিকে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আগ্রহী বাকি ক্লাবগুলোর সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন গ্যাব্রিয়েলের প্রতিনিধিরা।

স্কাই জার্মানির প্রতিবেদনে বলা হয়েছে, দলবদলের ক্ষতিপূরণ, বেতন, বোনাস ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে পুরো ট্রান্সফার প্যাকেজের অঙ্ক দাঁড়াতে পারে ১০ থেকে ১৫ মিলিয়ন ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪০ থেকে ২০৮ কোটি টাকা।

এই অঙ্ক প্রাথমিক ধারণার চেয়ে অনেক বেশি। শুরুতে ধারণা করা হয়েছিল, গ্যাব্রিয়েলকে ধরে রাখতে ম্যানচেস্টার ইউনাইটেড হয়তো মাত্র ৩ লাখ ইউরো প্রশিক্ষণ ক্ষতিপূরণ দাবি করবে।

কিন্তু এখন খবর এসেছে, গ্যাব্রিয়েলের প্রতিনিধিরা বছরে সাত অঙ্কের বেতন দাবি করছেন। ফলে বেতনসহ আর্থিক শর্তগুলোই শেষ পর্যন্ত নির্ধারণ করে দিতে পারে, কোন ক্লাব তাকে দলে ভেড়ানোর লড়াইয়ে শেষ হাসি হাসবে।