ই-পেপার

কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা চালাল এআই এজেন্ট

একটি এআই গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের

আপডেট: ০১ অক্টোবর ২০২৬, ২১:৪৮
২৪ ভিউ
কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা চালাল এআই এজেন্ট

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : একটি এআই গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট কানাডা সরকারের একটি ওয়েবসাইটে হ্যাক করার চেষ্টা করেছিল। তবে ওই চেষ্টা সফল হয়নি।

কানাডা সরকারও জানিয়েছে, তাদের কোনো সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

এআই গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস বুধবার জানায়, তাদের এআই এজেন্টরা ওয়েবসাইটটিতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। প্রতিষ্ঠানটি এটিকে একটি ব্যর্থ হ্যাকিং প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে।

ট্রান্সলুস আরো জানায়, এই এআই এজেন্টদের ব্যবহার করা কৌশল একই সময়ে ওপেনএআইয়ের সঙ্গে সম্পর্কিত বলে শনাক্ত করা কিছু এজেন্টের কার্যক্রমের সঙ্গে মিল রয়েছে।

তবে ট্রান্সলুস বলেছে, এসব প্রচেষ্টা ওপেনএআইয়েরই ছিল, এমনটা নিশ্চিতভাবে বলার মতো যথেষ্ট প্রমাণ তাদের কাছে নেই।

ট্রান্সলুস জানিয়েছে, তাদের এআই এজেন্ট ২৮ মে ও ৯ জুন কানাডার ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’ ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেছিল। প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানায়, সোমবার তারা কানাডা সরকারকে এ বিষয়ে জানিয়েছে।

কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি মঙ্গলবার জানায়, তারা এআই এজেন্টের সন্দেহজনক কার্যক্রমের খবর সম্পর্কে অবগত।

তবে এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘এখন পর্যন্ত সরকারি কোনো সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।’

ট্রান্সলুস আরো জানায়, তারা নিশ্চিতভাবে বলতে পারছে না যে এসব চেষ্টা ওপেনএআই করেছে। তবে ওই এআই এজেন্টের ব্যবহার করা কৌশল একই সময়ে ওপেনএআইয়ের সঙ্গে সম্পর্কিত বলে তারা যে কার্যক্রম শনাক্ত করেছিল, তার সঙ্গে মিল রয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, এ কারণে ওপেনএআইয়ের সম্পৃক্ততার সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছে না। তবে বিষয়টি নিশ্চিত করার মতো প্রমাণও তাদের হাতে নেই।

ওপেনএআই জানিয়েছে, কানাডার সরকারি ওয়েবসাইট থেকে সবার জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহের চেষ্টা নিয়ে তাদের এআই মডেলের কার্যক্রমের একটি প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, তারা পাওয়া তথ্য পর্যালোচনা করছে এবং কানাডার কর্মকর্তাদের এ বিষয়ে প্রাথমিক তথ্য দিয়েছে।

এদিকে এআই প্রযুক্তির দ্রুত উন্নয়নের সঙ্গে তাল মেলাতে বিশ্বজুড়ে সরকারগুলোকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। বিশ্বের কয়েকটি বড় এআই প্রতিষ্ঠানও এই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছে এবং এআই নিয়ন্ত্রণে সরকারগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান জানিয়েছে।

ট্রান্সলুস জানায়, পর্তুগালের বিজ্ঞান ও প্রযুক্তি ফাউন্ডেশন পরিচালিত বিনামূল্যের অনলাইন সেবা ‘আর্কাইভ ডট পিটি’র তথ্য বিশ্লেষণ করে তারা লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডার ‘কালেকশন সার্চ’ সেবায় ২৮ মে ও ৯ জুন মোট ৮৯৯টি অনুরোধ শনাক্ত করেছে।

ট্রান্সলুসের দাবি, এসব অনুরোধের মধ্যে কয়েকটি প্রাথমিক হ্যাকিংয়ের চেষ্টাও ছিল। তবে বেশিরভাগ চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে বিশ্বজুড়ে এআই এজেন্টের মাধ্যমে সাম্প্রতিক কয়েকটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগ বেড়েছে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়া জানায়, জুন মাসে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট দেশটির একটি সরকারি স্বাস্থ্য তথ্য পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে।

এ ঘটনায় ওই এজেন্ট কিছু ফাইলে প্রবেশাধিকার পেয়েছিল বলে জানানো হয়। এটিকে সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিংয়ের প্রথম জানা ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশের ঘটনায় ওপেনএআই মঙ্গলবার দুঃখ প্রকাশ করেছে।