ই-পেপার

মাদকবিরোধী সংগঠন খুলবেন ইশরাক

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের....

আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ১৩:৩৩
৬ ভিউ
মাদকবিরোধী সংগঠন খুলবেন ইশরাক

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ লক্ষ্যে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান ইশরাক।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নেবে।’

ইশরাক আরও লেখেন, অত্যধিক ঘনবসতিপূর্ণ এই এলাকায় জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।

তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করা হবে। এ ক্ষেত্রে থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে।

পোস্টে ইশরাক অভিযোগ করেন, কিছু পত্রিকা, ফেসবুক পেজ, অনলাইন মাধ্যম ও অন্যান্য গণমাধ্যম তাঁর এই উদ্যোগ বানচাল করার চেষ্টা করতে পারে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরাও এতে বাধা সৃষ্টি করতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

নিজের অবস্থান তুলে ধরে ইশরাক লেখেন, ‘আমি এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করছি, আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ অথবা অপরাধীরা আমাকে থামাতে পারবে না।’

এ ছাড়া বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।