ই-পেপার

মিগেলের মৃত্যুতে গোলরক্ষক ওউনো নিষিদ্ধ ১২ ম্যাচ

স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় জেসুস দে মিগেলের

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১
১৮ ভিউ
মিগেলের মৃত্যুতে গোলরক্ষক ওউনো নিষিদ্ধ ১২ ম্যাচ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় জেসুস দে মিগেলের মাথায় গোলরক্ষক জেসুস ওউনোর পায়ের আঘাতের পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আন্দরার গোলরক্ষক ওউনোকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কোনো ফাউলের ঘটনায় এটিই সর্বোচ্চ শাস্তি। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলা করা যায় কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গত ২ নভেম্বর সোমবার তেনেরিফে ও আন্দরার মধ্যকার ম্যাচে এ দুর্ঘটনা ঘটে। তখন দুই দলই ১০ জন করে খেলছিল এবং স্কোর ছিল ২-২। যোগ করা সময়ের সপ্তম মিনিটে উঁচু থেকে আসা বলের নিয়ন্ত্রণ নিতে এগিয়ে যান ৩০ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার দে মিগেল। তাঁকে বাধা দিতে এগিয়ে আসেন আন্দরার গোলরক্ষক ওউনো। হাফওয়ে লাইনের কাছে হাত দিয়ে বল ধরার সুযোগ না থাকায় তিনি পা দিয়ে বল সরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তাঁর পায়ের জোরালো আঘাত লাগে মিগেলের মাথায়।

ঘটনার পর মাঠেই কয়েক মিনিট ধরে চিকিৎসা দেওয়া হয় মিগেলকে। পরে স্ট্রেচারে করে তাঁকে মাঠ থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এ সময় হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে তাঁর হৃদস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হয়। সোমবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে মঙ্গলবার সকালে তেনেরিফে জানায়, মিগেলের অবস্থার অবনতি হয়েছে। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে ক্লাবটি।

ঘটনার পর এক বিবৃতিতে শোক প্রকাশ করেন গোলরক্ষক ওউনো। তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন দিন এগুলো। সঠিক ভাষা খুঁজে পাচ্ছি না আমি। যা ঘটেছে, তা উপলব্ধি করা আমার জন্য খুব কঠিন। জেসুসকে হারিয়ে আমি অপরিসীম যন্ত্রণা ভোগ করছি। তাঁর পরিবার ও তাঁকে যারা ভালোবাসতেন, তাঁদের প্রতি আমার সমবেদনা।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমি জানি সামনে অনেক কিছু হবে। আমার সামনে যাই আসুক না কেন, সম্মানের সঙ্গে আমি তার সম্মুখীন হবো। এই মুহূর্তে জেসুস ও আমরা যে যন্ত্রণা পাচ্ছি, সেটার চেয়ে কিছুই ভাবতে পারছি না। শান্তিতে ঘুমাও, জেসুস।’