আন্তর্জাতিক

আবাসন সংকট কাটাতে এবার ধনকুবেরদের দ্বারস্থ সোশ্যালিস্ট মেয়র মামদানী

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Thursday, June 4, 2026 1

অনলাইন ডেস্ক : আমেরিকার অন্যতম ব্যয়বহুল শহর নিউইয়র্ক সিটির আবাসন সংকট দূর করতে এক অভাবনীয় ও চতুর কৌশল অবলম্বন করেছেন সিটির নবনির্বাচিত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়র জোহরান মামদানী। নির্বাচনী প্রচারণার সময় রেন্ট ফ্রিজ (ভাড়া বৃদ্ধি স্থগিতকরণ) এবং শতভাগ সরকারি অর্থায়নে সমাজতান্ত্রিক ধাঁচের আবাসন ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের রোষানলে পড়েছিলেন তিনি। আবাসন ব্যবসায়ীরা তাকে ঠেকাতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করলেও শেষ রক্ষা হয়নি। এবার মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেই পুঁজিবাদী ডেভেলপারদের সাথেই হাত মেলাচ্ছেন মুসলিম ও তরুণ এই মেয়র। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম সিএনএন-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

 

সিএনএন জানায়, নির্বাচনী মাঠে ভিয়েনা ধাঁচের সোশ্যাল হাউজিং মডেল চালুর জন্য ১০০ বিলিয়ন ডলারের যে মহাপরিকল্পনা মামদানী দিয়েছিলেন, তা থেকে কিছুটা সরে এসে এখন ২২ বিলিয়ন ডলারের একটি বাস্তবসম্মত "ব্লক বাই ব্লক" (Block by Block) পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। এই নতুন কৌশলে সমাজতান্ত্রিক লক্ষ্য অর্জনের জন্য পুঁজিবাদী ও মুক্তবাজারের নীতি অনুসরণ করছেন তিনি। যার মূল উদ্দেশ্য আগামী এক দশকে সিটিতে ৪ লাখ সাশ্রয়ী মূল্যের (affordable) ঘর নির্মাণ ও সংস্কার করা।

 

এই নতুন আবাসন পরিকল্পনার অংশ হিসেবে বড় বড় প্রাইভেট ডেভেলপারদের আকৃষ্ট করতে নিউইয়র্ক সিটির কঠোর বিল্ডিং রেগুলেশন ও জোনিং আইন শিথিল করার ঘোষণা দিয়েছেন মেয়র। এর আগে জোহরান মামদানীকে ঠেকাতে মাঠে নামা আবাসন ব্যবসায়ীরাও এখন তার এই নমনীয় নীতিকে স্বাগত জানাচ্ছেন। নীতি বিশ্লেষকরা মামদানীর এই পরিবর্তনকে "নিষ্ঠুর বাস্তববাদী" (ruthlessly pragmatic) রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। কারণ, ফেডারেল ও সিটি সরকারের কাছে এই মুহূর্তে এককভাবে পুরো আবাসন প্রকল্প বাস্তবায়নের মতো পর্যাপ্ত তহবিল নেই।

 

তবে পুঁজিবাদী বাজার ব্যবস্থার সুবিধা নিলেও নিজের মূল সমাজতান্ত্রিক আদর্শ থেকে পুরোপুরি সরে যাননি জোহরান মামদানী। সিটির প্রায় ১০ লক্ষ রেন্ট-স্ট্যাবিলাইজড (ভাড়া নিয়ন্ত্রিত) অ্যাপার্টমেন্টের ভাড়া আগামী ৪ বছরের জন্য সম্পূর্ণ ফ্রিজ বা স্থগিত রাখার সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। এছাড়া সিটির "ফিক্স দ্য সিটি" (Fix the City) অভিযানের আওতায় যেসব বাড়িওয়ালারা বা ল্যান্ডলর্ডরা দীর্ঘদিন ধরে ভবন সংস্কার না করে ভাড়াটেদের অবহেলা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়ে সেই সম্পত্তিগুলো নন-প্রফিট বা সমবায় সংস্থার কাছে হস্তান্তর করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

বিশ্লেষকদের মতে, একদিকে রেন্ট ফ্রিজের মতো কড়া নিয়ম, অন্যদিকে নতুন নির্মাণে বেসরকারি খাতকে ছাড় দেওয়া— মামদানীর এই দ্বিমুখী নীতি নিউইয়র্কের আবাসন সংকটের স্থায়ী সমাধান করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

এই বিভাগের আরও খবর