কানাডার নতুন অভিবাসন নীতিতে বিপাকে লাখো বিদেশি কর্মী-শিক্ষার্থী
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, June 27, 2026 9
অনলাইন ডেস্ক : কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন এবং স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট) গ্রহণের সীমিত লক্ষ্যমাত্রার কারণে দেশটিতে বসবাসরত প্রায় ২৯ লাখ অস্থায়ী বাসিন্দার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এর প্রভাব পড়তে পারে বিদেশি কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন অস্থায়ী ভিসাধারীদের ওপর। এই তালিকায় রয়েছেন কানাডাপ্রবাসী অনেক বাংলাদেশিও।
সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে কানাডা সর্বোচ্চ ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে। অথচ বর্তমানে দেশটিতে অস্থায়ীভাবে বসবাসরত মানুষের সংখ্যা এ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। ফলে চলতি বছরে ১০ লাখেরও বেশি মানুষের স্থায়ীভাবে কানাডায় থাকার সুযোগ অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবচেয়ে বেশি চাপে পড়তে পারেন পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (পিজিডব্লিউপি)ধারীরা এবং তাঁদের পরিবারের সদস্যরা। তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, নির্মাণ, খাদ্য উৎপাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কাজ করে কানাডার অর্থনীতিতে অবদান রেখে আসছেন।
তথ্য অনুযায়ী, কানাডার মোট অস্থায়ী বাসিন্দাদের প্রায় অর্ধেকই বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট বা স্টাডি পারমিটের আওতায় রয়েছেন। এদের মধ্যে দক্ষিণ এশিয়ার নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য। ফলে বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থী ও কর্মীরাও এই পরিস্থিতির প্রভাব থেকে মুক্ত নন।
এদিকে ওয়ার্ক পারমিটধারীদের স্টাডি পারমিট ছাড়াই পড়াশোনার যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, তা আগামী ২৭ জুন ২০২৬ থেকে শেষ হতে যাচ্ছে। এ কারণে অনেকেই তাঁদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে নতুন সরকার অর্থনীতিকে আরও শক্তিশালী করতে অভিবাসন ব্যবস্থায় বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তবে পর্যবেক্ষকদের মতে, ভবিষ্যতে কানাডার অর্থনৈতিক চাহিদা, শ্রমবাজারের পরিস্থিতি এবং সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপরই অনেক অস্থায়ী বাসিন্দার ভাগ্য নির্ভর করবে।
অভিবাসন বিশ্লেষকদের একাংশের দাবি, অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমিয়ে আনতে সরকার পরিকল্পিতভাবেই কঠোর নীতি অনুসরণ করছে। এর ফলে উল্লেখযোগ্যসংখ্যক টেম্পোরারি রেসিডেন্টকে নির্ধারিত সময় শেষে কানাডা ছাড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
