বিনোদন

বিয়ের আগে নিজের পরিচয় ও আর্থিক স্বাধীনতা বেশি জরুরি: কঙ্গনা

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Wednesday, May 20, 2026 7

বিনোদন ডেস্ক : বলিউডে এমন কিছু নাম আছে, যারা শুধু অভিনয়ের জন্য নন, ব্যক্তিত্ব ও অবস্থানের জন্যও সমান আলোচিত-সমালোচিত। সেই তালিকার শীর্ষে রয়েছেন কঙ্গনা রনৌত। আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তবে এবার কোনো সিনেমা বা রাজনীতি নয় বরং বিয়ে-সম্পর্ক ও নারীর স্বাধীনতা নিয়ে তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

 

সম্প্রতি ভোপালের আলোচিত পণপ্রথা-সংক্রান্ত মৃত্যুর ঘটনার পর ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বার্তা শেয়ার করেন কঙ্গনা। সেখানে তিনি তরুণীদের উদ্দেশে বলেন, জীবনে বিয়ের আগে নিজের পরিচয়, ক্যারিয়ার ও আর্থিক স্বাধীনতা গড়ে তোলা বেশি জরুরি।

তিনি বলেন, ‘আপনি কী করেন বা আপনি কেমন মানুষ—সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনি কাকে বিয়ে করলেন সেটা বেশি গুরুত্ব বহন করে না।’

 

পোস্টে কঙ্গনা বলেন, শুধু সামাজিক চাপ, বয়স কিংবা পারিবারিক প্রত্যাশার কারণে তাড়াহুড়ো করে বিয়ে করা উচিত নয়। বরং নিজের আত্মসম্মান, আর্থিক নিরাপত্তা ও মানসিক শক্তিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

তার এই বক্তব্য প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই কঙ্গনার বক্তব্যকে সাহসী ও বাস্তবসম্মত বলে সমর্থন জানিয়েছেন। বিশেষ করে নারীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, অসুখী সম্পর্কের মধ্যে আর্থিক নির্ভরশীলতা অনেক সময় একজন নারীর পরিচয় ও আত্মবিশ্বাস ধীরে ধীরে কেড়ে নেয়।

 

অন্যদিকে কেউ কেউ মনে করছেন, কঙ্গনার বক্তব্য কিছুটা কঠোর এবং সব সম্পর্ক বা বিয়েকে একইভাবে বিচার করা ঠিক নয়।

সম্প্রতি ভোপালে এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। অভিযোগ ওঠে, পণের চাপ ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন ওই নারী। ঘটনাটি তদন্তে বিশেষ টিমও গঠন করেছে পুলিশ। এই ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেত্রী। তার মতে, অনেক নারী এখনও শুধুমাত্র সমাজ কী বলবে—এই ভয়েই অসুস্থ সম্পর্ক থেকে বের হতে পারেন না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর