ঐতিহাসিক ও পুরোনো বন্ধু হিসেবে তৎকালীন সংকটময় পরিস্থিতিতে ভারতের যা করা উচিত ছিল, তারা ঠিক সেটাই করেছে
ছবি সংগৃহীত: ফাইল ছবি
তৎকালীন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া দেশটির সামনে অন্য কোনো বাস্তবসম্মত বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শনিবার (৩ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি অধিবেশনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, সংকটময় ওই সময়ে ঐতিহাসিক ও পুরোনো প্রতিবেশী হিসেবে ভারত পরিস্থিতি অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, সেটিই নিয়েছিল। শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজকে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কী রূপ নিত, তা আগে থেকে বলা সম্ভব ছিল না।
তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতির প্রেক্ষাপটেই তিনি ভারতে পৌঁছান। সে সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বলেও উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, শেখ হাসিনাকে গ্রহণ না করলে পরিস্থিতি কীভাবে আরও জটিল হতে পারত, তা বলা কঠিন। তবে বর্তমানে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ভারত বাংলাদেশের আইনি ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করে বলেও জানান তিনি।