ই-পেপার

শারমিনের প্যারোলে মুক্তির আবেদন করেনি পরিবার, দাবি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর

সন্তানের মৃত্যুতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য তার পরিবার আবেদন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ০০:২০
১৬ ভিউ
শারমিনের প্যারোলে মুক্তির আবেদন করেনি পরিবার, দাবি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর

ছবি সংগৃহীত: ফাইল ছবি


অনলাইন ডেস্ক



শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

আরটিভির পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।

শারমিন সুলতানার গ্রেপ্তারের পরে যখন জানা যায় যে, তার একটি প্রতিবন্ধী সন্তান আছে, তখন সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেই তার জামিনে মুক্তির দাবি করে লেখালেখি করেছিলেন। তবে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তীতে বিষয়টি আর সামনে আসেনি।

আজকে ছেলেটির মৃত্যুর পরে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেককে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে ব্যথিত।

তুর্যের মৃত্যুর পরে তার মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়েও অনেককে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করতে দেখেছি। যে কারণে বিষয়টি নিয়ে আমি গাজীপুরের ডিসির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, ‘শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন কিংবা ফোনকল তারা পাননি।’

ডিসি আমাকে আরও বললেন, তার স্বামী বা পরিবারের কেউ মৃত্যুর বিষয়টি অবহিত করে প্যারোলে মুক্তির আবেদনও করেননি। বরং পরিবারের পক্ষ থেকে লাশ কারাফটকে নেওয়ার পর সিনিয়র জেলারও বিষয়টি ডিসিকে অবহিত করেননি। সিনিয়র জেলার অবশ্য কোনো আসামিকে তার পরিবারের কারও লাশ দেখানোর আইনগত এখতিয়ার রাখেন।

তবে প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ ছিল না। কেবলমাত্র গণমাধ্যমে খবর আসার পরেই বিষয়টি সম্পর্কে সকলে জানতে পারেন। তুর্যের পরিবার যদি শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তির আবেদন করত, সেক্ষেত্রে মুক্তি না দিলে সরকারকে বিষয়টি নিয়ে দায়ী করতে পারতেন।

এই সরকার যেখানে গোপালগঞ্জের মতো জায়গায় দমন-পীড়ন না চালিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে, সেখানে সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি দেবে না, এটা কোনোভাবেই হতে পারে না। সরকার মানবাধিকারের প্রতিও অত্যন্ত শ্রদ্ধাশীল। তুর্যের পরিবার যদি প্যারোলে মুক্তির জন্য ডিসিকে অবহিত করত, তাহলে হয়তো এই হৃদয়বিদারক ঘটনার অবতারণা হতো না।