যুক্তরাজ্যের আমদানি বাজারে বাংলাদেশের অংশীদারত্ব বর্তমান
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের আমদানি বাজারে বাংলাদেশের অংশীদারত্ব বর্তমান শূন্য দশমিক ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশে উন্নীত করা গেলে দেশটিতে বাংলাদেশের রপ্তানি ১০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। এ লক্ষ্য অর্জনে তৈরি পোশাকের বাইরে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, আন্তর্জাতিক মান পূরণ, সনদায়ন প্রক্রিয়ার আধুনিকায়ন এবং শুল্ক ও অশুল্ক বাধা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার ধানমন্ডিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) অডিটোরিয়ামে ‘যুক্তরাজ্যে রপ্তানি: তৈরি পোশাকের বাইরে সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় এসব বিষয় তুলে ধরা হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশন।
কর্মশালার উদ্দেশ্য ছিল, বিশেষ করে তৈরি পোশাকের বাইরের খাতগুলোতে যুক্তরাজ্যের বাজারে বিদ্যমান রপ্তানি সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়ানো। পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং উচ্চমূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে উৎসাহিত করাও ছিল এর লক্ষ্য।
কর্মশালায় যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মান পূরণ, বিধিবিধান পরিপালন এবং সনদায়ন প্রক্রিয়ার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেয়া হয়। একই সঙ্গে শুল্ক ও অশুল্ক বাধা দূর করার মাধ্যমে দেশটির বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।