ই-পেপার

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় না বসলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরান কোনো চুক্তিতে না পৌঁছালে আগামী সপ্তাহ থেকে দেশটির

আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৫
৩৬ ভিউ
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় না বসলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি ট্রাম্পের

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইরান কোনো চুক্তিতে না পৌঁছালে আগামী সপ্তাহ থেকে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে মার্কিন হামলার পরিধি আরো বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৪ জুলাই) মার্কিন সম্প্রচার মাধ্যম ‘ফক্স নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে তাদের জন্য পরিস্থিতি সত্যিই খারাপ হবে, কারণ আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোর ওপর হামলা শুরু হবে। ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘তারা যদি আলোচনায় না বসে, তবে আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেব এবং সব সেতুও ভেঙে দেব।’ মার্কিন হামলা কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, ‘আমি নিজে না থামা পর্যন্ত এই হামলা চলতে থাকবে।’

গত ১৭ জুনের ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত পুরোপুরি ভেস্তে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখাই এখন দুই পক্ষের মূল লড়াই হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই টানা চতুর্থ দিনের মতো ইরানের ওপর মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। একই সাথে দেশটির প্রধান বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ আরোপ করেছে মার্কিন নৌবাহিনী। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো ধ্বংসের এই নতুন হুমকি এলো।