ই-পেপার

কেমন ছাত্র ছিলেন মেসি? সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল স্কুলের মার্কশিট

ফুটবল মাঠে নিজের পায়ের জাদুতে বিশ্বকাপ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন লিওনেল মেসি।

আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ২২:৩১
৪ ভিউ
কেমন ছাত্র ছিলেন মেসি? সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল স্কুলের মার্কশিট

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক


তবে স্কুলজীবনে পড়াশোনায় কতটা ভালো ছিলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর পুরোনো একটি নম্বরপত্র সামনে এনেছে সেই প্রশ্নের উত্তর। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে পড়তেন মেসি।

সপ্তম শ্রেণিতে পড়ার সময়কার সেই নম্বরপত্রের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ছবিটি কীভাবে প্রকাশ্যে এসেছে, তা জানা যায়নি। এমনকি এটি কোন পরীক্ষার নম্বরপত্র, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

নম্বরপত্রে দেখা যায়, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি, অর্থাৎ ‘পারফেক্ট টেন’। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮, নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। আর গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তিতে পেয়েছিলেন ৬ করে।

মেসির নম্বরপত্রে সবচেয়ে ভালো ফল শারীরিক শিক্ষায়। বিষয়টি অবশ্য খুব একটা বিস্ময়কর নয়। কারণ, স্কুলজীবনের বেশির ভাগ সময়ই ফুটবল নিয়ে মেতে থাকতেন তিনি। তখন খেলতেন শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, নম্বরপত্রে মেসির ফলাফল মোটামুটি গড়পড়তা হলেও খেলাধুলাসংশ্লিষ্ট বিষয়ে তাঁর বিশেষ প্রতিভার কথা উল্লেখ করেছিলেন শিক্ষকেরা।

পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক আন্দ্রেয়া সোসা তাঁকে শান্ত ও লাজুক ছেলে হিসেবে বর্ণনা করেছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে সোসা বলেছিলেন, ‘সে খুব শান্ত ছেলে ছিল। লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।’

স্কুলটির সহকারী প্রধান শিক্ষক এবং প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও মেসির সংযত স্বভাব ও ফুটবলের প্রতি অনুরাগের কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘সে খুব শান্ত ছিল; কিন্তু তার অনেক বন্ধু ছিল। সবাই তার সঙ্গে ফুটবল খেলতে চাইত। ক্লাস শেষ হলে সবার আগে দৌড়ে মাঠে পৌঁছানোর প্রতিযোগিতা চলত তাদের। খেলাধুলা সব সময়ই ছিল তার প্যাশন।’

এর আগে রোজারিওতে শৈশবের স্মৃতিচারণা করে মেসি বলেছিলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না।’ বাড়ির খুব কাছেই স্কুল থাকা সত্ত্বেও প্রায়ই দেরি করে স্কুলে যেতেন বলেও জানিয়েছিলেন তিনি।