সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন ৪৬ জন মুসল্লি। রোববার (৪ অক্টোবর) দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
জানা গেছে, দলের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের জন্য বিনামূল্যে ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। ওমরাহ পালন শেষে দেশে ফিরে অংশগ্রহণকারীরা এ উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, এ ধরনের কার্যক্রম ধর্মীয় অনুশীলন ও ইসলামের প্রতি দলের নেতাকর্মীদের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।
এ সময় লুৎফুজ্জামান বাবর বলেন, বিএনপি অতীতে সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও দলের উদ্যোগে ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া দলের শৃঙ্খলার বিষয়ে কথা বলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনও ব্যক্তির দায় দল নেবে না। দলের শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।
লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে আয়োজিত এই ওমরাহ কার্যক্রমে দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশ নেয়ার সুযোগ পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।