ই-পেপার

শিক্ষা সফরের আড়ালে আ.লীগের সভা, সাবেক এমপিসহ ১৭৫ নেতাকর্মীর উপস্থিতি

সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের একটি রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে।

আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৯
১৬ ভিউ
শিক্ষা সফরের আড়ালে আ.লীগের সভা, সাবেক এমপিসহ ১৭৫ নেতাকর্মীর উপস্থিতি

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে আয়োজিত ওই সভায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ১৭৫ জন নেতাকর্মী অংশ নেন বলে রিসোর্ট কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে।

গত ৯ নভেম্বর সোমবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সভার বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর আগে তিনি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে নেতাকর্মীদের সঙ্গে সভা শেষে আবার ভারতে ফিরে গেছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে, শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি বুকিং দেওয়া হয়েছিল। গত ৪ নভেম্বর অ্যাডভোকেট রুকনসহ দুজন রিসোর্টে গিয়ে জায়গাটি পরিদর্শন করেন। পরে ৮ নভেম্বর সন্ধ্যায় রিসোর্টের নির্ধারিত বিকাশ নম্বরে ১০ হাজার টাকা অগ্রিম পাঠিয়ে বুকিং চূড়ান্ত করা হয়। ১৭৫ জনের জন্য মোট ৫২ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল।

রিসোর্টের ব্যবস্থাপক পারভেজ মোশারফ জানান, নির্ধারিত দিনে দুপুর থেকে বিকেল ৩টার মধ্যে দুটি বাসে করে অতিথিরা সেখানে পৌঁছান। পরে রিসোর্টের সামনের লেক ও মিনি ফুটবল মাঠে খেলাধুলাসহ বিভিন্ন আয়োজন চলে। পাশাপাশি প্যান্ডেল তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়। রাত ৮টা থেকে ৯টার মধ্যে দলটি রিসোর্ট ছেড়ে যায়।

তবে পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের ভাষ্য অনুযায়ী, শিক্ষা সফরের ব্যানারে আয়োজন শুরু হলেও পরবর্তী সময়ে সেখানে রনজিত সরকার উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য দেন। তিনি কয়েক মিনিট বক্তব্য দেওয়ার পর স্থান ত্যাগ করেন। সভার প্রকৃত উদ্দেশ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

এ ঘটনায় সভায় উপস্থিত থাকা আওয়ামী লীগ নেতা এখলাছুর রহমান তারা মিয়াকে মঙ্গলবার সকালে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয় বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ।

পুলিশ জানায়, ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়াকে দেখা গেছে। সভার স্থান ও আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে সভাটি হওয়ার তথ্য দেন। পরে সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের ওই রিসোর্টে যায়।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার বিকেলে রিসোর্টটিতে অভিযান পরিচালনা করেন। এ সময় কর্মচারীদের কাছ থেকেও বুকিং ও আয়োজন সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। রিসোর্টটির মালিক গোয়াইনঘাটের মহিষখলা এলাকার শাহ্ আলম সোহেল। ব্যবস্থাপক পারভেজ মোশারফ।

এদিকে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উমর ফারুক মন্ডল শুরুতে সাবেক এমপির সভা আয়োজনের বিষয়ে অবগত নন বলে জানান। তার কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই বলেও উল্লেখ করেন তিনি।

তারা মিয়া নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। রনজিত সরকার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় তারা মিয়ার প্রভাব বাড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার মধ্যরাতে সিলেট নগরীর গোপালটিলা এলাকায় রনজিত সরকারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিকেলে তার ফেসবুক অ্যাকাউন্টে সভার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ লোকজন এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে আয়োজিত ওই সভার ব্যানারে সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর—এই চার উপজেলার নাম উল্লেখ ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার।

এর আগে সিলেটে এমন কোনো সভা অনুষ্ঠিত হওয়ার তথ্য নেই বলে জানিয়েছিলেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। অন্যদিকে, রনজিত সরকার নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থান করছেন বলে একটি সূত্রের দাবি।