পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত দুই দিন ধরে মামুন টিকটকে একাধিক ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
মৌলভীবাজারে টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগে মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় মৌলভীবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মামুন শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে।
পরে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।
গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ অভিযোগ করেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছেন। এর পেছনে কোনো চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশ জানতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না।