ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া একটি ভিডিও প্রচারের ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং জানিয়েছেন, সংস্থাটি ভিডিওটির বিষয়ে অবগত এবং তাদের সুরক্ষাধীন ব্যক্তিদের প্রতি যেকোনও সম্ভাব্য হুমকিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করে।
প্রায় তিন মিনিটের ওই ভিডিওর শুরুতে ইংরেজিতে লেখা ছিল—“ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে?” এতে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারসহ ব্যারন যেখানে নিয়মিত যাতায়াত করেন বলে জানা যায়, এমন কয়েকটি স্থানের গ্রাফিক দেখানো হয়। ভিডিওর শেষ দিকে এক কোটি ডলারের পুরস্কারের কথাও উল্লেখ করা হয়
সপ্তাহান্তে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ভিডিওটি প্রচার করে। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর এক সূত্রের দাবি, এটি ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রচারিত ধারাবাহিক হুমকিমূলক ভিডিওর অংশ।
এর আগে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হলেও ব্যারনকে প্রকাশ্যে লক্ষ্য করে এমন হুমকি এই প্রথম বলে ধারণা করা হচ্ছে।
২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করে আসছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরানে ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার ঘোষণার পোস্টারও দেখা গেছে।
সূত্র: সিএনএন