রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক
বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তির নাম মো. মাজহারুল (৩২)।
খিলগাঁও থানার বরাত দিয়ে আকতার হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশগেটের পাশের রাস্তার ডান দিকে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
তিনি জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয় জনতার সহযোগিতায় মাজহারুলকে আটক করে খিলগাঁও থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।