ই-পেপার

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধকে দুটি পৃথক বিষয় হিসেবে দেখছে ভারত। নয়াদিল্লির বক্তব্য, প্রত্যর্পণের অনুরোধ নির্ধারিত আইনি প্রক্রিয়ায় বিবেচনা করা হচ্ছে।

আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ০০:৪০
৬ ভিউ
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত

ছবি সংগৃহীত: ফাইল ছবি


অন্যদিকে, প্রয়োজনীয় ভ্রমণ নথি নিয়ে কোনো নাগরিক স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।

বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারতের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। তবে কোনো নাগরিক প্রয়োজনীয় ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে সেটিকে প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন।

তাঁকে দেশে ফিরিয়ে আনতে একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায়ও আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে।

এরই মধ্যে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। তাঁর মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দিল্লি থেকে দেশে ফেরার জন্য তিনি বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন।

তবে বাংলাদেশ সরকারের অবস্থান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতাতেই দেশে ফিরতে হবে। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

বুধবারের ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন কোনো অগ্রগতি আছে কি না, জানতে চান সাংবাদিকেরা। জবাবে জয়সোয়াল জানান, বিষয়টি নির্ধারিত প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে।

এ সময় শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পদ্ধতি নিয়েও প্রশ্ন ওঠে। তাঁর সহযোগীরা বিমান পাঠিয়ে তাঁকে ফিরিয়ে নেওয়ার কথা বলছেন, অন্যদিকে বাংলাদেশ সরকারের কয়েকজনের বক্তব্যে হাতকড়া পরিয়ে ফিরিয়ে আনার প্রসঙ্গ এসেছে। এসব বিষয়ে ভারতের ভূমিকা কী হবে, জানতে চাইলে জয়সোয়াল বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির বর্তমান সরকারের বিষয়। এরপর তিনি আবারও স্পষ্ট করেন, প্রত্যর্পণ ও স্বেচ্ছায় দেশে ফেরার বিষয় দুটি আলাদা।

ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয়। নড়াইল ও পাবনাসহ কয়েকটি স্থানে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে ভারতের অবস্থান জানতে চান সাংবাদিকেরা।

জবাবে জয়সোয়াল বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনার যথাযথ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা উচিত বাংলাদেশ সরকারের।

তবে নড়াইলের বেন্দারচর গ্রামে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে জেলা পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবার কিংবা তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।

এদিকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনের বিষয়টিও উঠে আসে ব্রিফিংয়ে। এসব নেতা ভবিষ্যতে অন্যান্য স্থলসীমান্তেও যাওয়ার কথা জানিয়েছেন বলে সাংবাদিকেরা উল্লেখ করেন। তাঁদের উদ্দেশ্য শেখ হাসিনার স্থলপথে দেশে ফেরার বিষয়টি সরেজমিনে দেখা কি না এবং এ ক্ষেত্রে ভারত সরকার সহযোগিতা করছে কি না, জানতে চাওয়া হয়। তবে প্রশ্নটির সরাসরি কোনো জবাব দেননি জয়সোয়াল।

গঙ্গার পানিচুক্তি নবায়নের বিষয়েও নতুন কোনো তথ্য জানাননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলোর পানিবণ্টন নিয়ে সিদ্ধান্ত যৌথ নদী কমিশনের নির্ধারিত কাঠামোর মধ্যেই নেওয়া হয়।

এ ছাড়া ইন্দোনেশিয়ার নৌবাহিনীর হাতে বাংলাদেশগামী একটি জাহাজ আটকের খবর নিয়েও প্রশ্ন করা হয়। ওই জাহাজে বিস্ফোরক ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

জবাবে জয়সোয়াল বলেন, এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন ভারতের সরকারের নজরে এসেছে। প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতির ওপর ভারত নিয়মিত নজর রাখে এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেয়।